বৃষ্টিতে কাদাপানি, রোদে ধুলা, ভোগান্তি বারো মাস
সড়কে বড় বড় গর্ত। সেগুলোতে জমে রয়েছে পানি। জল–কাদায় লেপ্টে থাকা সড়ক দিয়ে চলছে যানবাহন। জমে থাকা পানির গর্তে পড়ে যানবাহনের চাকা আটকে যাচ্ছে। এমন চিত্র সিলেট নগরের আম্বরখানা-টিলাগড় সড়কের বড় বাজার থেকে ইলেকট্রিক সাপ্লাই হয়ে ঈদগাহ মোড় পর্যন্ত অংশের। প্রায় আধা কিলোমিটার সড়কটির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যে জানা গেছে, দুই বছর ধরে সড়কের পাশে নর্দমার কাজ এবং পানির লাইনের কাজ করায় খোঁড়াখুঁড়ি করে রাখা হয়েছে। এতে সড়কের অবস্থা আরও বেহাল হয়ে গেছে। সড়কটি এখন বৃষ্টি না হলেও ধুলাবালু উড়ে পথচারীদের গায়ে ও নাকে-মুখে যাচ্ছে। সামান্য বৃষ্টি হলেই কাদা-জলে সড়কটি পিচ্ছিল হয়ে যায়। আম্বরখানা মোড় থেকে টিলাগড় সড়কটি বেশির ভাগ সময় ব্যস্ত থাকে । সড়কের পাশে জরুরি বিদ্যুৎ বিভাগের কার্যালয় ছাড়াও আরও কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। এ ছাড়া এখানে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, বক্ষব্যাধি ও টিবি হাসপাতাল ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রয়েছে।
স্থানীয় কয়েকজন বলেন, এ সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজন দুই বছর ধরে দুর্ভোগ পোহালেও কর্তৃপক্ষের কোনো সুদৃষ্টি পড়ছে না। তাঁরা দ্রুত সড়কটি মেরামত করে পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ থেকে রেহাই দেওয়ার দাবি জানান।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সড়কটির আম্বরখানা মোড় থেকে পূর্ব পাশ দিয়ে সিলেট-টিলাগড় সড়ক। মোড় থেকে নেমেই ভাঙাচোরা সড়কের শুরু। আম্বরখানা মোড় থেকে বড় বাজার পর্যন্ত সড়ক পেরিয়ে দেখা মেলে কাদা পথের। সড়কটি বৃষ্টির পানিতে জল-কাদা মেখে পিচ্ছিল সড়কে পরিণত হয়েছে। এ ছাড়া সড়কে স্থানে স্থানে ছোট–বড় গর্তে জমে রয়েছে পানি। সড়কের আবার অনেক অংশে গর্তের পানির মধ্য থেকে ইটের লাল অংশের দেখা মেলে।
পথচারী এ টি এম ইসরাত বলেন, ‘প্রতিদিনই কর্মক্ষেত্রে এ সড়ক দিয়ে আসা–যাওয়া করি। বৃষ্টির দিনে অনেক ভোগান্তি হয়। রিকশায় যাওয়ার পথে অনেক সময় পিছলে যায়। আবার অনেক সময় ইট-পাথরে পড়ে রিকশা উল্টে যাওয়ার ঘটনাও ঘটে। এ জন্য কয়েক মাস ধরে আমি হেঁটেই সড়কটি দিয়ে চলাচল করছি।’
রিকশাচালক আমীর আলী বলেন, বৃষ্টির সময় সড়কটিতে যাত্রী নিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়ে। এ ছাড়া ভাঙাচোরা সড়কটিতে চলাচলের সময় রিকশার অনেক যন্ত্রাংশের ক্ষয়ক্ষতিও হয়।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন কর্তৃপক্ষ এর আগে সড়ক প্রশস্তকরণ ও নালা সংস্কারকাজ করেছে। এ ছাড়া সড়কের পাশের বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়ার কাজ করেছে। সড়কটি আমাদের আওতায় হলেও সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ সড়কটি মেরামত করার কথা জানিয়েছে। এ জন্য আমাদের কাছে অনাপত্তিপত্রও চেয়েছে। আমরা অনাপত্তিপত্র দিয়েছি। শুনেছি কাজ করতে কিছুটা বিলম্ব হবে। আমরা দুর্ভোগ কমাতে ওই সড়কটির গর্তগুলো ভরাটের ব্যবস্থা নেব।’
আম্বরখানা-টিলাগড় সড়কসহ নগরের অভ্যন্তরে আরও কিছু সড়ক মেরামতকাজের জন্য গত মাসে দরপত্র হয়ে গেছে। প্রায় ২২ কোটি টাকার প্রকল্পের কাজ বৃষ্টির মৌসুম শেষে শুষ্ক মৌসুমেই শুরু করা হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘আম্বরখানা-টিলাগড় সড়কসহ নগরের অভ্যন্তরে আরও কিছু সড়ক মেরামতকাজের জন্য গত মাসে দরপত্র হয়ে গেছে। প্রায় ২২ কোটি টাকার প্রকল্পের কাজ বৃষ্টির মৌসুম শেষে শুষ্ক মৌসুমেই শুরু করা হবে।’