বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রামের সড়ক
চট্টগ্রামে মৌসুমি বায়ুর প্রভাবে আজ বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
বৃষ্টিতে নগরের নিচু এলাকায় হাঁটুপানি জমেছে। অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। হাঁটুপানিতে দুর্ভোগে পড়েছে এখানকার সড়কে চলাচলকারী ব্যক্তিরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর ১২টার আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চট্টগ্রামে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে নগরের বহদ্দারহাট, ২ নম্বর গেট, কাপাসগোলা, বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় পানি জমেছে।
এ সময় এসব এলাকার সড়কে হাঁটুসমান পানি দেখা যায়। চলমান লকডাউনের কারণে রাস্তায় যানবাহন কম ছিল। তবে রিকশা ও অটোরিকশা চলেছে। জলাবদ্ধতায় যান চলাচল বন্ধ না হলেও ভোগান্তিতে পড়তে হয় চলাচলকারী ব্যক্তিদের। সড়কে পানি জমে থাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে দেখা গেছে।
আমবাগান আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।