বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত

২৪ ঘণ্টায় বরগুনায় ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পটুয়াখালীতে হয়েছে ১৮৯ দশমিক ৬ মিলিমিটার।

ভারী বর্ষণে মাটি আলগা হয়ে উপড়ে পড়েছে গাছ। গতকাল বিকেলে বরগুনার আমতলী উপজেলা পরিষদ এলাকায়।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে তিন দিন ধরে অতিবর্ষণ আর ঝোড়ো বাতাসে বরিশালসহ দক্ষিণ উপকূলে জীবনযাত্রা থমকে গেছে। বরিশাল নগরে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও বরগুনা ও পটুয়াখালী জেলায় অতিভারী বর্ষণে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে উপকূলের হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

ভারী বর্ষণের পাশাপাশি নদ-নদীতে বিপৎসীমার ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। ফলে এলাকায় অসংখ্য পুকুর, ঘের পানিতে ডুবে অনেক মাছ ভেসে গেছে। আউশখেত, আমনের বীজতলা পানিতে ডুবে গেছে।

ঝোড়ো বাতাসে উপড়ে পড়েছে গাছপালা। বরগুনায় ঝড়ে গত মঙ্গলবার রাতে থেকে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল বুধবার বিকেলে তা চালু হয়। এতে মুঠোফোনের নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পটুয়াখালী ও কলাপাড়া আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলায় ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পটুয়াখালীতে হয়েছে ১৮৯ দশমিক ৬ মিলিমিটার। তবে বরিশালে মঙ্গলবার সন্ধ্যা থেকে থেমে থেমে বৃষ্টিপাত হলেও তা ভারী বর্ষণ ছিল না। বরিশালে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

কঠোর বিধিনিষেধের মধ্যে বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে গতকাল বরিশাল নগরের রাস্তাঘাটে লোকজনের চলাচল ছিল কম। বৃষ্টিতে অনেক এলাকার রাস্তাঘাটে পানি জমে যায়। কীর্তনখোলা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নগরের সাগরদি, দপদপিয়া, কালিজিরা, পলাশপুর, আমানতগঞ্জ; নগরের বাইরে চরমোনাই, শায়েস্তাবাদ, তালতলীম লামচরিসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বাড়িঘরে পানি ঢুকে এসব এলাকার বাসিন্দাদের দুর্ভোগে ফেলে।

অতিবর্ষণে বরগুনাসহ জেলার সব উপজেলায় অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বরগুনা সদরের খাজুরতলা গ্রামের কৃষক আবদুল খবির (৭৫) বলেন, ‘শ্রাবণ মাসে এত অল্প সময়ে এমন বিরামহীন ভারী বৃষ্টি দেখিনি। আমতলী উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে।’

আমতলীর পূজাখোলা গ্রামের মাছচাষি আমির হোসেন বলেন, তিন একর জমির মাছের ঘেরের অন্তত ৫ লাখ টাকার মাছ ভেসে গেছে। এই এলাকার ২৫টি ঘেরের মধ্যে ১০টি ঘেরই পানিতে তলিয়ে গেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মাৎ হালিমা সরদার বলেন, ১২ হাজার পুকুর এবং ১৫০টি ঘেরের ক্ষতি হয়েছে। এতে এক কোটি টাকার ওপরে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।

এদিকে ভারী বৃষ্টিপাতে মাটি আলগা হয়ে অন্তত এক হাজার বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়েছে। আমতলী উপজেলা পরিষদের অভ্যন্তরে ১১টি বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে সড়কে পড়ে থাকায় মানুষের চলাচলে বিঘ্নিত হচ্ছে।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আনিসুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপের প্রভাবে তিন দিন ধরে প্রবল বর্ষণ ও ঝোড়ো আবহাওয়া বিরাজ করছে। তবে বরগুনা ও পটুয়াখালীতে প্রবল বর্ষণ হয়েছে, যা নজিরবিহীন। সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল আছে। আজ বৃহস্পতিবার বিকেল নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে।

বাগেরহাটে পানিবন্দী সহস্রাধিক পরিবার

জোয়ারের চাপের সঙ্গে ভারী বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়েছে উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল। বৃষ্টির সঙ্গে সঙ্গে জোয়ারের সময় নদ-নদীগুলোর পানি বেড়েছে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট। এতে পানিবন্দী হয়ে পড়েছে জেলার সহস্রাধিক পরিবার। গত ২৪ ঘণ্টায় জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে শরণখোলা উপজেলায় ২৪০ মিলিমিটার। পানি বেড়েছে শরণখোলার বলেশ্বর, মোরেলগঞ্জের পানগুছি, মোংলার পশুর, বাগেরহাটের ভৈরব, দড়াটানাসহ সব নদ-নদীর।