বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে চলে পড়ালেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে মাথার ওপর শুধু চালাটুকু নিয়ে চলছে ছাত্রছাত্রীদের লেখাপড়া। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে মাথার ওপর শুধু চালাটুকু নিয়ে চলছে ছাত্রছাত্রীদের লেখাপড়া। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

বৃষ্টির ঝাপটায় শরীর ভিজে যায়। রোদের তাপে বসে থাকা দায়। একটু জোরে বাতাস বইলে উড়ে যায় বই-খাতা। আর শ্রেণিকক্ষ ও শিক্ষক-সংকট তো আছেই। এসব প্রতিবন্ধকতার মধ্য দিয়েই বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ছাত্রছাত্রীদের লেখাপড়া।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এখানে শিক্ষার্থী ১৫৮ জন। শ্রেণিকক্ষ তিনটি এবং অফিস একটি। তাই প্রয়োজনীয় শ্রেণিকক্ষ না থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা বেড়াবিহীন একচালার একটি টিনের ছাউনির নিচে লেখাপড়া করছে। বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষক থাকলেও গত জানুয়ারিতে দুজন শিক্ষক প্রশিক্ষণে যান। এরপর মে মাসে প্রধান শিক্ষক রতিশ চন্দ্র বদলি হয়ে যান। এতে এই পদটিও ফাঁকা হয়ে যায়। বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা এসে দাঁড়ায় দুজনে। এ অবস্থায় আরেক শিক্ষিকা যান মাতৃত্বকালীন ছুটিতে। থাকেন মাত্র একজন শিক্ষক। তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজিনা বেগম। এখন তাঁকে দাপ্তরিক কাজ ও পাঠদান কার্যক্রম দুটোই সামলাতে হচ্ছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মাঠের এক কোণে টিনের ছাউনি দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পাঠদান চলছে। তখন আকাশে ছিল মেঘ। লেখাপড়ার চেয়ে আকাশের দিকেই ছাত্রছাত্রীদের মনোযোগ ছিল বেশি। বারবারই তারা তাকাচ্ছিল আকাশের দিকে।

কয়েকজন ছাত্রছাত্রী জানায়, বৃষ্টি এলে তাদের জামা ভিজে যাবে, এ জন্য তারা বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। আর শুধু বৃষ্টি নয়, জোরে বাতাস হলেও তাদের দৌড়ে অন্য শ্রেণিকক্ষে যেতে হয়। আর রোদও তাদের চরম ভোগান্তির কারণ।

অভিভাবক সাদুল্যাপুর গ্রামের হাফিজার রহমান বলেন, বিভিন্ন সমস্যার কারণে এ বিদ্যালয়ে লেখাপড়ার মান খারাপ হয়ে যাচ্ছে। শিক্ষক-সংকটে জোড়াতালি দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। এ অবস্থায় অভিভাবকেরা তাঁদের সন্তানদের অন্য বিদ্যালয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন।

রোজিনা বেগম বলেন, দীর্ঘদিন ধরে এখানে প্রধান শিক্ষক নেই। তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। ৪ সেপ্টেম্বর প্রেষণে এক শিক্ষক এবং কিছুদিন আগে চুক্তিভিত্তিক একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের নিয়ে এখন কোনো রকমে পাঠদান চালাচ্ছেন। বিদ্যালয়ের অবকাঠামোর জন্য একাধিকবার আবেদন করা হয়েছে। এ ব্যাপারেও কোনো কাজ হচ্ছে না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘প্রয়োজনীয় কক্ষ না থাকায় আমরা দুই শিফটে বিদ্যালয়ের কার্যক্রম চালাচ্ছি। প্রয়োজনীয় কক্ষ না থাকার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। আর আমি অচিরেই ওই বিদ্যালয়ে আরও একজন শিক্ষক পাঠানোর চেষ্টা করব।’