বৃষ্টিতে রোহিঙ্গা শিবিরে দুর্ভোগ

টানা দুই দিন ধরে টেকনাফে কখনো হালকা কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। এতে উপজেলার তিনটি রোহিঙ্গা শিবিরে দুর্ভোগ বেড়েছে।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজার জেলায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কুয়াশা ও ঠান্ডা হাওয়া বইতে পারে আরও দু-তিন দিন।
গতকাল দুপুরে টেকনাফের পুটিবনিয়া রোহিঙ্গা শিবিরে গিয়ে দেখা যায়, ভেতরে জমেছে কাদাপানি। পিচ্ছিল পথে হাঁটা দায়। একটি ঝুপড়িতে কথা হয় মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর শহরের মংনিপাড়ার বাসিন্দা আমির আহমদের (৪২) সঙ্গে। তাঁর পরিবারে চার শিশু। তিনি বলেন, বৃষ্টিতে ও ঠান্ডায় শিশুরা জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হচ্ছে।
শীতের মধ্যে বৃষ্টির কারণে রোহিঙ্গা শিবিরগুলোতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন বড়ুয়া।
তবে রোহিঙ্গাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন ছিদ্দিক। তিনি বলেন, বৃষ্টি দুর্ভোগ বাড়ালেও রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো সমস্যা হবে না। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা সেবা দিয়ে যাচ্ছে।