বৃষ্টিভেজা সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০

নরসিংদীর পাঁচদোনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের ভাটপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

নরসিংদী সদরের পাঁচদোনায় বৃষ্টিভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়েছে। এই ঘটনায় বাসটির অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা উত্তরা পরিবহনের একটি বাস অন্তত ৪০ যাত্রী নিয়ে রাজধানীর মহাখালীর দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের ভাটপাড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় বৃষ্টিভেজা পিচ্ছিল সড়কটিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে বাসটির অন্তত ১০ যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত হন তিনজন যাত্রী।

স্থানীয় ও আশপাশের লোকজন উল্টে যাওয়া বাসের ভেতর থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে পাঁচদোনা পুলিশ ফাঁড়ি ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। বেলা ১১টা থেকে বাসটি উদ্ধার কাজ শুরু হয়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারী বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। বাসটির সামনের অংশ খাদের জলাশয়ের পানিতে ডুবে ছিল ও পেছনের অংশ সড়কের দিকে উঁচু হয়ে ছিল। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব উদ্ধারকাজ শেষ করতে।’

পাঁচদোনা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইউসুফ আহমেদ বেলা দেড়টায় বলেন, বৃষ্টিতে ওই সড়ক পিচ্ছিল থাকায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে খাদে পড়ে যায়। উদ্ধার করা আহত যাত্রীদের মধ্যে তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উল্টে যাওয়া বাসটিকে আবার সড়কে তুলে আনতে উদ্ধারকাজ চলছে।