বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীকে গলা টিপে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে বাগ্‌বিতণ্ডা থেকে সাধন রাজবংশী (৬২) নামের এক ব্যক্তিকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় বৃষ্টির সময় বহুরিয়া গ্রামের সুশীল পালের বাড়ির উঠানের পানি প্রতিবেশী সাধন রাজবংশীর বাড়ির ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে সাধনের ঘরের মাটি সরে গিয়ে ক্ষতি হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি সাধন রাজবংশী ও তাঁর ছেলে রিপন রাজবংশী মিলে সুশীল পালকে ডেকে দেখান। ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় নিয়ে তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে রিপন রাজবংশী গ্রামের মাতবরদের ডাকতে যান। এ সময় সুশীল পালের ছেলে অরি পাল ক্ষিপ্ত হয়ে সাধন রাজবংশীর গলা চেপে ধরেন, যা দেখে প্রতিবেশীরা ছুটে এসে সাধনকে ছাড়িয়ে নেয়। তবে এরই মধ্যে সাধন মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। ঘটনার পর থেকে অরি পাল পলাতক রয়েছেন। পরে দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

বহুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবদুস সামাদ সিকদার বলেন, বৃষ্টির পানি নিষ্কাশনে ঘর ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছিল। পরে সাধন রাজবংশীকে গলা চেপে ধরলে তিনি মারা যান বলে জানতে পেরেছেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, সাধন রাজবংশীর লাশ পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।