বৃষ্টির পানিতে ভেসে গেছে ৫০০ পুকুরের মাছ

এসব পুকুর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ভেতরে। ভারী বৃষ্টিতে পুকুরগুলোর দেড় কোটি টাকার মাছ ভেসে গেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের প্রায় ৫০০ পুকুরের মাছ ভেসে গেছে। এতে উপজেলার চার শতাধিক মাছচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উপজেলা মৎস্য কার্যালয় ও স্থানীয় মৎস্যজীবী সমিতি সূত্র জানায়, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে বেড়িবাঁধের ভেতর এবার ৩ হাজার ৭৬১টি পুকুরে পাঙাশ, তেলাপিয়া, রুই, কাতলাসহ বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়। এসব পুকুরে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫০ মেট্রিক টন। এগুলোর আনুমানিক বিক্রয়মূল্য ১০০ কোটি টাকার বেশি। কয়েক দিনের বৃষ্টির পানিতে ওই বেড়িবাঁধের ভেতরের প্রায় ৫০০ পুকুরের মাছ ভেসে গেছে। এসব মাছের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

গতকাল মঙ্গলবার সকালে সেচ প্রকল্পের ফরাজীকান্দি, আমিরাবাদ, বাহাদুরপুর, পাঁচানী, বড় ও ছোট হলদিয়া, ছটাকি, এখলাশপুর, মোহনপুর ও কালীপুর এলাকায় গিয়ে দেখা যায়, অনেক পুকুরের পাড় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। পানির চাপে ভেঙে গেছে কিছু পুকুরের পাড়। পাড়ের ওপর দিয়ে বাইরে বের হচ্ছে বিভিন্ন জাতের মাছ। মাছচাষিরা কিছু কিছু পুকুরের পাড়ে জালের বেড়া দিয়ে মাছ আটকানোর চেষ্টা চালাচ্ছেন।

উপজেলার বাহাদুরপুর গ্রামের মাছচাষি মো. বাবুল মিয়া বলেন, গত তিন-চার দিনের টানা বৃষ্টিতে তাঁর তিনটি পুকুরের পাড় দু-তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। পুকুরগুলোর ৮০ শতাংশ মাছ ভেসে গেছে। এসব মাছের মূল্য লক্ষাধিক টাকা।

এ বিষয়ে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের দায়িত্বে থাকা চাঁদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বাঁধের ভেতরে পানি নিষ্কাশনের বেশ কিছু খাল বেদখল ও ভরাট হওয়ায় বৃষ্টির পানি দ্রুত সরছে না। এ কারণে পুকুরের পাড় তলিয়ে গেছে। অবৈধ দখলদারদের উচ্ছেদে শিগগিরই অভিযান চালানো হবে। তখন পুকুরে জমে থাকা অতিরিক্ত পানিও নিষ্কাশন করা সম্ভব হবে।