বৃষ্টির মধ্যে গাদাগাদি করে যাত্রীদের ফেরি পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠোর বিধিনিষেধ, বৃষ্টি, দুর্ভোগ সব উপেক্ষা করে ঢাকার দিকে ছুটছেন দক্ষিণাঞ্চলের হাজারো যাত্রী। আজ শনিবার বেলা দুইটার দিকে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ, তার ওপর টানা বৃষ্টি—সবকিছু উপেক্ষা করে দক্ষিণাঞ্চলের হাজারো যাত্রী ফেরিতে গাদাগাদি করে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট পার হয়ে ঢাকার দিকে ছুটছেন। আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বাংলাবাজার ফেরিঘাটে এমন চিত্র দেখা যায়।

বাংলাবাজার ও শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় আজ সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত টানা বৃষ্টিপাত হয়। এরপর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করে ফেরিতে গাদাগাদি করে যাত্রীদের বাংলাবাজার-শিমুলিয়া নৌপথ পারাপার হতে দেখা যায়। বেলা একটার পরে যাত্রীদের ভিড় আরও বাড়তে থাকে।

বেলা তিনটায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে উভয় ঘাট থেকে ১৮টি ফেরি থাকলেও ১০টি ফেরিতে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। দুপুর থেকে যাত্রীর চাপ কিছুটা বাড়তি। একই সঙ্গে বেড়েছে যানবাহনের সংখ্যাও।

বেলা দুইটায় বাংলাবাজার ফেরিঘাটে দেখা যায়, টানা বৃষ্টির কারণে ঘাটের চারপাশে স্যাঁতসেঁতে পরিবেশ। এর মধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্র, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ থ্রি-হুইলারে করে ঘাটে প্রবেশ করছেন যাত্রীরা। ঘাটে এসে কিছুক্ষণ অপেক্ষায় থাকার পর তাঁরা ফেরিতে উঠতে পারছেন। ফেরিঘাটে আসামাত্রই যাত্রীদের চাপে ভরে যাচ্ছে ফেরি।

শিমুলিয়াগামী রো রো ফেরি শাহ পরানের যাত্রী রফিকুল ইসলাম বলেন, জরুরি কাজে বৃষ্টি মাথায় নিয়েই ঢাকায় যাচ্ছেন। ঘাটে এসে মানুষের ভিড়ের মধ্যে পড়েছেন। অনেক কষ্টে ভিড় ঠেলে ফেরিতে উঠতে পেরেছেন। ফেরিতে দুই হাজারের বেশি যাত্রী আছেন। গাড়ি আছে মাত্র ছয়-সাতটি। এত যাত্রীর ভিড়ে স্বাস্থ্যবিধি আর মানার উপায় থাকে না।

বাংলাবাজার ঘাটের দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরির্দশক জামালউদ্দিন প্রথম আলোকে বলেন, বেলা একটা থেকে দুইটার মধ্যে ঘাটে যাত্রীদের ঢল নামে। ফলে এই চাপ বিকেল পাঁচটা পর্যন্ত থাকে। ইদানীং এ চিত্র ঘাটে দেখা যাচ্ছে। যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় ফেরিতে বেশি গাড়ি পার হতে পারছে না। তাই ঘাটে অনেক গাড়ি জমে গেছে। তিনি আরও বলেন, বেলা সাড়ে তিনটা পর্যন্ত বাংলাবাজার ঘাটে দেড় শতাধিক ছোট গাড়ি ও চার শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় ছিল। মানুষের চাপ না কমলে যানবাহনের চাপ কমানো সম্ভব নয়।