বৃষ্টির স্বস্তি উধাও অস্বস্তির যানজটে
টানা কয়েক দিনের দাবদাহের পর মুষলধারে বৃষ্টি নগরজীবনে সাময়িক স্বস্তি এনে দিলেও রাজধানীজুড়ে তীব্র যানজটে তা দীর্ঘস্থায়ী হতে পারেনি। গতকাল বৃহস্পতিবার সকালে ভারী বৃষ্টিতে যানজট ও পরিবহন সংকটে ভোগান্তিতে পড়ে অফিসগামী যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, এদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চার ঘণ্টায় রাজধানীতে ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। একে সপ্তাহের শেষ কর্মদিবস, তার ওপর টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলজটে শহরের প্রতিটি অংশে যানজট আরও তীব্র হয়।
সংবাদকর্মী মনোয়ারুল ইসলাম মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে বাসে ওঠেন সকাল সাড়ে নয়টায়। কোমরপানি ও যানজট ঠেলে বাসটি কাজীপাড়া স্ট্যান্ডে পৌঁছাতেই প্রায় এক ঘণ্টা সময় নেয়। সেখান থেকে ফার্মগেট পর্যন্ত আসতে পেরিয়ে যায় আড়াই ঘণ্টারও বেশি। তিনি বিরক্তির সঙ্গে বলেন, ‘বৃষ্টিতে যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে মিরপুর ১০ নম্বর থেকে কাজীপাড়া পর্যন্ত রাস্তাটিকে নদী বলাই ভালো। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান। বাসের ভেতর থেকেই আমি অন্তত দুটি রিকশা যাত্রীসহ উল্টে যেতে দেখেছি।’
দুপুর ১২টার পর ফার্মগেট ওভারব্রিজের নিচে মনোয়ারুল ইসলামের সঙ্গে যখন কথা হচ্ছিল, সে সময়েও সেখানে শত শত যাত্রী দাঁড়িয়ে ছিলেন পরিবহনের অপেক্ষায়। ততক্ষণে এ জায়গাটিতে যানজট খানিকটা কমে এলেও যাত্রীবাহী বাসের সংখ্যা ছিল খুবই কম।
খানিক পরে কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলের সামনে থেকে এফডিসি পর্যন্ত রাস্তায় যানবাহনের দীর্ঘ সারিতে দৃষ্টি আটকে যায়। এখান থেকে হেঁটে হাতিরঝিল মোড়ে পৌঁছেও একই অবস্থা চোখে পড়ল। যানজটে আটকে থাকা অবস্থায় মতিঝিলগামী গাজীপুর পরিবহনের চালক মোহাম্মদ তৌহিদ ক্ষোভের সঙ্গে জানালেন, গাজীপুর থেকে এ পর্যন্ত পৌঁছাতে তাঁর সময় লেগেছে চার ঘণ্টারও বেশি। বাসযাত্রী শাহজাহান রাসেলের কাছ থেকে জানা গেল, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশানে পুলিশ প্লাজা কনকর্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সে কারণে গুলশান লিংক রোডসহ কয়েকটি রাস্তায় যানবাহন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা থাকায় গুলশান, বাড্ডা এবং মহাখালী এলাকায় যানজট আরও বেশি।
তখন বিকেল চারটায় শাহবাগ মোড় থেকে বাটা সিগন্যাল পর্যন্ত এবং বাংলামোটরের দিকে যত দূর চোখ যায়, রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি। শত শত মানুষ ফুটপাত ধরে হাঁটছে। শত শত মানুষ বাসের অপেক্ষায়।