বৃহস্পতিবার থেকে বাগেরহাটে এক সপ্তাহের ‘কঠোর বিধিনিষেধ’
করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বাগেরহাট জেলাজুড়ে এক সপ্তাহের ‘কঠোর’ বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার বিকেলে অনলাইনে বাগেরহাট জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। জেলায় ১৫ দিন ধরে করোনা সংক্রমণের গড় হার ৪২ শতাংশ।
জেলা প্রশাসক আজিজুর রহমান বলেন, বাগেরহাটের করোনা পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে ৩০ জুন গভীর রাত পর্যন্ত জেলাজুড়ে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, পুলিশ, প্রশাসনসহ সবার সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মতবিনিময়ে যে বিষয়টি উঠে এসেছে, তা এলার্মিং। লোকজন পরীক্ষা করাতে চান না, উপসর্গ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যা খুবই বিপজ্জনক। এতে আক্রান্ত ব্যক্তিদের মাধ্যমে দ্রুত সংক্রামণ ছড়াচ্ছে। এখন সব জায়গায় ঘরে ঘরে জ্বরসহ করোনার উপসর্গ বিরাজমান। সেই নিরিখেই এই সিদ্ধান্ত নেওয়া।
বিনিধিষেধের আওতায় জরুরি সেবা, পণ্য পরিবহন ব্যতীত সব ধরনের যান চলাচল নিষিদ্ধ থাকবে। বন্ধ থাকবে দোকানপাট। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে কাঁচাবাজার বেলা তিনটা পর্যন্ত খোলা রাখা যাবে।
এ–সংক্রান্ত আট দফা নির্দেশনা দিয়ে বিকেলে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত হোটেল–রেস্টুরেন্ট খোলা রাখা যাবে। তবে বসে খাওয়া যাবে না, কেবল নেওয়া যাবে। মুদিদোকান ও নিত্যপণ্যের দোকানও ওই নির্দিষ্ট সময়ে খোলা রাখা যাবে। বন্ধ থাকবে পার্ক, রিসোর্টসহ সব পর্যটনকেন্দ্র, জনসমাবেশ, সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান। তবে মোংলা বন্দর ও ইপিজেড স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে। কিন্তু জাহাজ জোন থেকে কেউ নামতে পারবে না।