বেইলি সেতু ভেঙে দুটি ট্রাক খালে, নিহত ১

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুদিঘাটা এলাকায় গতকাল বুধবার বেইলি সেতু ভেঙে পাথরবোঝাই দুটি ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় একটি ট্রাকের চালকের সহকারী আসাদুল ইসলাম (২৯) ঘটনাস্থলে নিহত হন।
সেতুটি ভেঙে যাওয়ায় মঠবাড়িয়া ও বরগুনার পাথরঘাটা উপজেলার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনা, পিরোজপুরসহ ১২টি পথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে পাথরবোঝাই দুটি ট্রাক একসঙ্গে সেতু পার হচ্ছিল। এ সময় ট্রাকের ভারে সেতুটি ভেঙে দুটি ট্রাক নিয়েই খালে পড়ে যায়। এতে একটি ট্রাকের চালকের সহকারী আসাদুল ইসলাম ট্রাকের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ট্রাক দুটির চালক পলাতক রয়েছেন।
একটি ট্রাকের চালকের সহকারী মো. ফয়সাল জানান, সাতক্ষীরা থেকে পাথর নিয়ে দুটি ট্রাক মঠবাড়িয়ায় যাচ্ছিল। প্রতিটি ট্রাকে প্রায় ২৪ টন পাথর ছিল। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকের মধ্যে আটকা পড়ে ঘটনাস্থলে চালকের এক সহকারী আসাদুল ইসলাম মারা যান। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বাগানবাড়ি গ্রামে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বে বলেন, পাঁচ টন ধারণক্ষমতাসম্পন্ন বেইলি সেতুটি দিয়ে ৫০ টন ওজনের দুটি ট্রাক একসঙ্গে চলাচল করায় সেতুটি ভেঙে যায়। বরিশাল থেকে ক্রেন এনে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।