বেইলি সেতুতে আটকে গেল ট্রাক, বাঘাইছড়ি-দীঘিনালার যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেইলি সেতুর পাটাতন খুলে সিমেন্ট বোঝাই ট্রাক দেবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বাঘাইছড়ি সদরে মডেল টাউন এলাকায়
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে কাচালং বেইলি সেতুর পাটাতন খুলে সিমেন্টবোঝাই ট্রাক আটকে গেছে। এতে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মারিশ্যা বাজারের যাওয়ার পথে মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে। যাতায়াত বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে চট্টগ্রাম থেকে বাঘাইছড়ির উদ্দেশে সিমেন্টবোঝাই একটি ট্রাক রওনা দেয়। আজ সকাল পৌনে নয়টায় বাঘাইছড়ি সদরের কাছে মডেল টাউন এলাকায় কাচালং বেইলি সেতু পার হওয়ার সময় দুটি পাটাতন খুলে যায়। এতে সিমেন্টবোঝাই ট্রাকটি আটকে যায়। এরপর বাঘাইছড়ি-দীঘিনালার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলা সদর মডেল টাউনসহ আশপাশের এলাকার সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে শত শত মানুষ আটকা পড়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সড়ক ও জনপথ বিভাগের লোকজন ঘটনাস্থলে গেছেন। তাঁরা সিমেন্টের বস্তাগুলো ট্রাক থেকে সরানোর কাজ করছেন। আশা করা হচ্ছে দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ট্রাকটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা যাবে।