বেইলি সেতুতে ট্রাক আটকে রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার বাঙালহালিয়া ভাবনাকেন্দ্র এলাকায় রাঙামাটি-বান্দরবান সড়কে বালুবাহী একটি ট্রাক বেইলি সেতুর পাটাতনে আটকে যায়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বান্দরবান সড়কের ভাবনাকেন্দ্রসংলগ্ন এলাকায় নতুন সেতু নির্মাণের কাজ চলায় বিকল্পভাবে যান চলাচলের জন্য অস্থায়ী বেইলি সেতু নির্মাণ করা হয়েছে। বিকেল চারটার দিকে ওই সেতুতে বান্দরবানের দিকে যাওয়ার পথে বালুবাহী একটি ট্রাক হঠাৎ আটকে যায়।
ওসি ইকবাল বাহার চৌধুরী আরও বলেন, খবর পেয়ে বাঙালহালিয়া সেনা ক্যাম্প ও স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান এবং যানবাহন চলাচল আবার চালুর জন্য দ্রুত ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করেন। রাত ৯টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।