বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ক্লাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের পদচারণে মুখরিত ক্যাম্পাস। বৃহস্পতিবারের ছবি
মঈনুল ইসলাম

করোনার কারণে দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার খুলেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর। সবুজ প্রাঙ্গণ শিক্ষার্থীদের পদচারণে মুখরিত। সাজানো হয়েছে প্রতিটি বিভাগ ও শ্রেণিকক্ষ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় গত ৩০ অক্টোবর ৮২তম সিন্ডিকেট সভায়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী ২ নভেম্বর ছেলেদের দুটি এবং মেয়েদের একটিসহ তিনটি হল ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধসহ আবাসিক হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন ক্লাস ও পরীক্ষা চালু ছিল।

পূর্বসিদ্ধান্ত অনুযায়ী আজ ক্লাস করতে ক্যাম্পাসে উপস্থিত হন শিক্ষার্থীরা। ছায়াঘেরা সবুজ চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতিতে যেন নতুন করে প্রাণ ফিরে পায় ক্যাম্পাস। শিক্ষার্থীদের অনেকে দল বেঁধে হাঁটছেন। অনেকেই মুঠোফোনে ছবি তুলছেন।

লোকপ্রশাসন বিভাগে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বিভাগের শিক্ষকেরা। বিভাগীয় প্রধান আসাদুজ্জামান মণ্ডল প্রথম আলোকে বললেন, ‘আজকের এই দিনটি সত্যি সত্যিই মনে রাখার মতো। শিক্ষার্থীরা পুরোনো হলেও তাদের যেন নতুন নতুন লাগছে। প্রত্যেক শিক্ষার্থীকেই ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।’

ক্যাম্পাস খোলার পর আজ বৃহস্পতিবার শুরু হয়েছে পাঠদান। বৃহস্পতিবারের ছবি
প্রথম আলো

ক্যাফেটেরিয়ার সামনে কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। বাংলা বিভাগের শিক্ষার্থী সুমি আক্তার জানান, ‘এত দিনে ক্যাম্পাসের গাছগুলোও অনেক বড় হয়েছে। বন্ধুরাও অনেকটা বদলে গেছে এই দীর্ঘ দেড় বছরের অধিক সময়ে। বন্ধুদের দেখা হলো। কী যে আনন্দ লাগল।’

জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, পূর্বসিদ্ধান্ত অনুযায়ী সশরীর ক্লাস চালু হওয়ার কথা আজ থেকে। ক্লাসও শুরু হয়েছে। এ জন্য দুই সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।

উপাচার্য হাসিবুর রশীদ সাংবাদিকদের বলেন, প্রতিটি ভবন, ক্লাসরুম, ওয়াশরুম, ক্যাম্পাসের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শিক্ষার্থীরা ইতিমধ্যে আবাসিক হলেও উঠেছে। ক্লাস শুরুর আগে প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

উপাচার্য আরও বলেন, সেশনজট দূরীকরণে এরই মধ্যে অনেক কাজ করা হয়েছে। অনলাইনে পরীক্ষা নেওয়া হয়েছে। অফলাইনেও সব পরীক্ষা যত দ্রুত সময়ে নেওয়া সম্ভব এর বাস্তবায়ন করা। তাহলে সেশনজট থাকবে না।