বেগমগঞ্জে কেন্দ্রের দখল নিয়ে সংঘর্ষ, চেয়ারম্যান প্রার্থীসহ গুলিবিদ্ধ ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রের দখল নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ছোড়া গুলিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক দুজনকে গ্রেপ্তার করেছে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন আলাইয়াপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান (৪০), সাইফুল ইসলাম (২৬), আবদুস সবুর (৩৩), মামুনুর রশিদ (২৯) ও কামাল হোসেন (৪২)।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার সুলতানপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে ও বিদ্রোহী প্রার্থীর ভাই মো. আলী (২৬) ও মোশাকপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মিরাজ হোসেন (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন পাটোয়ারী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা কেন্দ্র দখলের চেষ্টা করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী আনিসুর রহমানের গায়ে ছররা গুলি লাগে। সেখান থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনিসুরের ভাই মো. আলী (২৬), তাঁর খালাতো ভাই মো. মিরাজকে (২৪) গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, আলাইয়াপুর ইউনিয়নের সুলতানপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর লোকজন ঢোকার চেষ্টা করলে পুলিশ ৮ থেকে ১০ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর ভাইসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়। জোর করে ব্যালট ছিনিয়ে নিয়ে ভোট দেন নৌকার প্রার্থী ও লোকজন। এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীলদের জানালেও তাঁরা বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক নয় দেখে তিনি বাড়ি ফিরে যাওয়ার সময় পুলিশের সামনে সশস্ত্র অবস্থায় তাঁর ওপর হামলা চালানো হয়।