বেগমগঞ্জের ১৪টির মধ্যে ৮ ইউপিতেই স্বতন্ত্র প্রার্থীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জের ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮টিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে পাঁচ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন। এ ছাড়া বাকি ছয় ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ নিজ ইউপির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ১৪টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৩২টি ভোটকেন্দ্রের প্রায় প্রতিটিতেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নৌকা প্রতীক নিয়ে বিজয়ীরা হলেন আলাইয়াপুরে গিয়াস উদ্দিন পাটোয়ারী, নরোত্তমপুরে মেহেদী হাসান, রাজগঞ্জে মোস্তাফিজুর রহমান চৌধুরী, কাদিরপুরে সালা উদ্দিন, হাজীপুরে আজিম মির্জা ও দুর্গাপুরে আবেদ সাইফুল কালাম।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, পাঁচ ইউপিতে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন কুতুবপুরে কামাল হোসেন, একলাশপুরে সাহেদুর রহমান, শরীফপুরে নোমান সিদ্দিকী, গোপালপুরে মোশারফ হোসেন ও ছয়ানীতে ওয়াহিদর জামান।

অন্য তিন ইউপিতে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন বেগমগঞ্জে শাইদুর রহমান, রসুলপুরে আবদুর রশিদ ও আমানউল্যাহপুরে বাহারুল আলম। বাহারুল বর্তমানে মন্দিরে হামলা-ভাঙচুরের মামলায় জেলে আছেন। নির্বাচিত এই তিন স্বতন্ত্র প্রার্থী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম প্রথম আলোকে বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বেগমগঞ্জের ১৪ ইউপিতে ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচনে ভোটারের উপস্থিতিও বেশ ভালো ছিল। তবে তুলনামূলক নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল।