বরিশাল সিটি করপোরেশনের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ মাস এবং দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের এক মাসের বেতন বকেয়া পড়েছে। মেয়র বলছেন, একদিকে অতিরিক্ত জনবল, অন্যদিকে রাজস্ব আয় কম। তাই বেতন বকেয়া পড়ছে।
সিটি করপোরেশনের প্রশাসন বিভাগ সূত্রে জানা গেছে, নগর ভবনের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৫৪২। অস্থায়ী দৈনিক মজুরিভিত্তিক রয়েছেন ১ হাজার ৬২৬ জন। বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে মেয়ররা দৈনিক মজুরিভিত্তিক এসব কর্মী নিয়োগ দিয়েছেন।
সিটি করপোরেশনের কর কর্মকর্তা আবুয়াল মাসুদ মামুন প্রথম আলোকে বলেন, জানুয়ারিতে ২৪ লাখ ও ফেব্রুয়ারিতে ৫৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। বছরের অন্যান্য আয় একত্র করলে এর পরিমাণ দাঁড়াবে ২৬ থেকে ৩০ কোটি টাকা। জনবলের সঙ্গে রাজস্ব আয়ের সামঞ্জস্য নেই। তাই বকেয়া বাড়ছে।
সিটি করপোরেশনের একটি সূত্র জানিয়েছে, যখন যে মেয়র আসেন, ইচ্ছামতো কর্মী নিয়োগ দেন। এর মধ্যে অনেকে কোনো দিন সিটি করপোরেশনে আসেনওনি; তাঁরাও বেতন নিচ্ছেন। বর্তমান মেয়র আহসান হাবিব কামালও ৪০০-৫০০ জন কর্মী নিয়োগ দিয়েছেন। এখন অতিরিক্ত কর্মীর সংখ্যা প্রায় ১ হাজার। তাঁদের বেতন দিতে গিয়ে নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া পড়ছে।
জানতে চাইলে মেয়র আহসান হাবিব বলেন, সিটি করপোরেশনের গৃহ, হাটবাজার ও জমি বিক্রির কর এবং দোকান ভাড়া, ট্রেড লাইসেন্স, অটোরিকশা, ভ্যানের লাইসেন্স নবায়ন থেকে বছরে আয় হয় প্রায় ৩০ কোটি টাকা। এই আয় থেকে পে-ফান্ড, সম্মানী ভাতা, গাড়ির জ্বালানি, বিদ্যুৎ খরচ, স্টেশনারি ক্রয়সহ প্রাত্যহিক খরচ নির্বাহ করতে হয়। সব মিলিয়ে বছরে ব্যয় হয় প্রায় ৪২ কোটি টাকা। জনবল বেশি হওয়ার কারণে এবং রাজস্ব আয় কম হওয়ায় বেতন বকেয়া পড়ছে। থোক বরাদ্দ কিংবা বিশেষ বরাদ্দের অর্থ থেকে কর্মীদের বেতন দেওয়া সম্ভব নয়। এখন ঘাটতি পূরণের জন্য কর বাড়াতে হবে, সেটাও কাম্য নয়। আবার জনবল কমানোর উদ্যোগও নেওয়া যাচ্ছে না। এই উদ্যোগ নিলে কর্মীরা আন্দোলন শুরু করে দেন।
এক প্রশ্নের জবাবে বিএনপি-সমির্থত এই মেয়র বলেন, তাঁর সময়ে (প্রায় চার বছর) ১৫০ থেকে ২০০ কর্মী নিয়োগ হয়েছে। সবচেয়ে বেশি ৮০০ জন কর্মী নিয়োগ দিয়েছিলেন সাবেক মেয়র শওকত হোসেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, অতিরিক্ত জনবল তো আছেই, এর সঙ্গে নতুন পে-স্কেল ঘোষণা করায় বেতন দ্বিগুণ হয়ে গেছে; অথচ আয় নেই। সরকারি নিয়ম অনুযায়ী বেতন-ভাতা দিতে হবে রাজস্ব আয় থেকে। উন্নয়ন খাত থেকে বেতন বাবদ ব্যয় করা যাবে না। প্রতি মাসে ২ কোটি ১৫ লাখ টাকা বেতন দিতে হয়। এই হিসাব অনুযায়ী, বছরে ২৫ কোটি ৮০ লাখ টাকার বেতন-ভাতা দিতে হয়। এর বাইরে আরও খরচ আছে। করপোরেশনের কর্মীরা আয়ের খাতে কাজ করেন না। অনেকেই বসে বসে বেতন নিচ্ছেন, তাই আয় বাড়ছে না।
ওয়াহিদুজ্জামান আরও বলেন, নিয়ম হলো দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা যেদিন কাজ করবেন, সেদিন বেতন পাবেন। বন্ধের দিন তাঁদের টাকা দেওয়া হবে না। কিন্তু এখানে হচ্ছে উল্টো। কাজ না করেও মাসে ৩০-৩১ দিনের বেতন নিচ্ছেন। তারপরও দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের শুধু ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া পড়তেই তাঁরা পরিচ্ছন্নতার কাজ বন্ধ রেখেছেন।
নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘নিয়মিত কর্মীর বাইরে এখানে ৫০০ কর্মী দরকার। কিন্তু অতিরিক্ত আছেন প্রায় ১ হাজার কর্মী। এখন তাঁরা যে আন্দোলন করছেন, তা সম্পূর্ণ বেআইনি। তাঁরা মেয়রের সঙ্গে আলোচনায় বসবেন না, প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বসবেন না। আমাদের অপমান ও অপদস্থ করছেন। আমরা এই বর্ধিত জনবলের দায়িত্ব নেব কেন? এ ব্যাপারে মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হবে।’
গত সোমবার থেকে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে নাগরিক সেবা ও বকেয়া বেতন-ভাতা পরিশোধে করণীয় ঠিক করতে গতকাল বেলা সাড়ে তিনটায় মেয়র আহসান হাবিব তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। তিনি আজ রোববার দুই মাসের বকেয়া বেতন দেওয়ার ঘোষণা দিয়েছেন। এরপরও যদি শ্রমিকেরা কাজে যোগ না দেন, তাহলে বিভিন্ন ওয়ার্ডে নতুন শ্রমিক নিয়োগ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।