বেতন বিলে ইউএনওর স্বাক্ষরের সিদ্ধান্ত বাতিলসহ ছয় দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় পে-স্কেলে আন্ত-ক্যাডার বৈষম্য নিরসন এবং পেশাজীবীদের মর্যাদা সমুন্নত রাখা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের বেতন বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরের সিদ্ধান্ত বাতিলসহ ছয় দফা দাবিতে সমাবেশ করেছেন সরকারি কর্মকর্তারা। গতকাল সোমবার খুলনার শহীদ হাদিস পার্কে পেশাজীবীদের ব্যানারে তাঁরা এ সমাবেশ করেন।
সমাবেশে যোগ দেন খুলনা বিভাগের সব জেলা ও উপজেলা পর্যায়ের বিসিএসের ২৬টি ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের দেড় হাজারের মতো কর্মকর্তা-কর্মচারী।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাহারুল আলম। এ ছাড়া বিসিএস কৃষি ক্যাডারের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও বিসিএসের ২৬টি ক্যাডার নিয়ে গঠিত সমন্বয় কমিটির কেন্দ্রীয় সহসভাপতি তাসাদ্দেক আহমেদ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসরীন বেগমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বক্তব্য দেন।
সমাবেশে বাহারুল আলম বলেন, দেশের সার্বিক অগ্রগতির পেছনে পেশাজীবীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশ আজ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, তার পেছনে রয়েছে কৃষিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা। এ ছাড়া শিক্ষা ও চিকিৎসাসহ অন্যান্য ক্ষেত্রেও আজ দেশ এগিয়ে গেছে এই পেশাজীবীদের কারণে। অথচ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা নিজেদের খবরদারি আরও বেশি প্রতিষ্ঠা করার জন্য কর্মকর্তাদের বেতন বিলে স্বাক্ষর দেওয়ার বিধান চালু করতে যাচ্ছেন।
বাহারুল আলম আরও বলেন, ‘আমাদের এ আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। পেশাজীবীরা আন্দোলন করছেন নিজেদের অধিকার আদায়ের জন্য।’
তাসাদ্দেক আহমেদ ও নাসরীন বেগমসহ অন্য বক্তারা বলেন, সারা দেশে যখন উন্নয়নের জোয়ার বইছে, সরকারের অর্জন যখন দৃশ্যমান, তখন একশ্রেণির স্বার্থান্বেষী আমলা পেশাজীবীদের মর্যাদাহানি করার চেষ্টা করছেন।
বক্তারা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিলে ইউএনওর স্বাক্ষর বাতিল করার দাবি জানান।
আন্দোলনকারীদের অন্যান্য দাবির মধ্যে আছে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা ও সেখানে নিজ নিজ ক্যাডারের সর্বোচ্চ পদসহ অন্যান্য পদায়ন নিশ্চিত করা, সব ক্যাডারকে পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ দেওয়া এবং উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে সব বিভাগের সর্বোচ্চ কর্মকর্তাদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা একই রাখা।
প্রসঙ্গত, উপজেলা পরিষদকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার উপজেলা পর্যায়ে ১৭টি দপ্তর ও সংস্থাকে উপজেলা পরিষদের অধীনে ন্যস্ত করেছে। এ বিষয়ে ১৪ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে ওই সব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার সইয়ে হবে।