বেতন বৃদ্ধি স্থগিত রাখার প্রতিবাদে রাবি শিক্ষকদের কলম বিরতি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ঘোষিত বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) স্থগিত রাখার প্রতিবাদে কলম বিরতি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকেরা। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাবি শিক্ষক সমিতির ব্যানারে প্রতীকী কলম বিরতি কর্মসূচি পালন করা হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক কুদরত-ই-জাহানের সঞ্চালনায় কর্মসূচিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘পিএইচডি ডিগ্রির জন্য ইনক্রিমেন্ট শিক্ষকদের আর্থিক নয়, আমি বলব মর্যাদার সঙ্গে জড়িত। সরকার ইতিপূর্বে শিক্ষকদের পিএইচডি ডিগ্রির জন্য ইনক্রিমেন্ট দিয়ে যাচ্ছিল, হঠাৎ সেটি বন্ধ করা হলো। এটি বন্ধ করে দেওয়ার ফলে শিক্ষকদের আর্থিক সুবিধাকেই শুধু বন্ধ করা হয়নি, গবেষণার যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনার জায়গাটিও বন্ধ করে দেওয়া হয়েছে।’ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে ইনক্রিমেন্ট বন্ধের ঘোষণাটি প্রত্যাহারের দাবিও জানান তিনি।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক হাসনা হেনা বলেন, ‘আমাদের সরকার শিক্ষকবান্ধব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কেন আমাদের অর্জিত অধিকার ছিনিয়ে নেওয়া হলো, এটা আমাদের প্রশ্ন। ইউজিসি যে ইনক্রিমেন্টটা বন্ধ করে দিয়েছে, আমরা দাবি জানাচ্ছি, সেটা শিগগিরই চালু করা হোক। পাশাপাশি দাবি জানাচ্ছি, গবেষণায় উৎসাহিত করার জন্য দুটি ইনক্রিমেন্ট দেওয়া হোক।’
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাহেদ জামান বলেন, পিএইচডি ডিগ্রি না থাকাটাকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যোগ্যতার ঘাটতি হিসেবে বিবেচনা করা হয়। যে ইনক্রিমেন্টটা বরাবরই চলে আসছে, সেটা বন্ধ করা হয়েছে। কার ইঙ্গিতে এটা করা হয়েছে, তাঁরা জানেন না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটা হচ্ছে কি না, সেটাও জানেন না। তবে শিক্ষকদের মর্যাদার বিষয়টা যে জাতি ভাববে না, তাদের উন্নয়ন কখনই সুগম হবে না বলে মনে করেন তিনি।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন। তাঁরা স্থগিত করা বেতন বৃদ্ধি দ্রুত চালুর দাবি জানান।