বেতন-ভাতা বাড়ানোর আবেদন প্রত্যাহার চট্টগ্রাম ওয়াসার এমডির
বেতন-ভাতা বাড়ানোর দাবি থেকে সরে এসেছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৬৬তম সভায় মৌখিকভাবে এ আবেদন ফজলুল্লাহ প্রত্যাহার করে নেন।
করোনার সময় বেতন-ভাতা বৃদ্ধি করার বিষয়টি ভালো হবে না চিন্তা করে এ আবেদন প্রত্যাহার করেছেন বলে জানান চট্টগ্রাম ওয়াসার এমডি।
গত ২৪ জানুয়ারি চট্টগ্রাম ওয়াসার ৬৫তম বোর্ড সভা হয়। এ সভার অন্যতম আলোচ্যসূচি ছিল এমডি ফজলুল্লাহর বেতন-ভাতা বৃদ্ধি।
এ নিয়ে ২৪ জানুয়ারি প্রথম আলো অনলাইনে ‘চট্টগ্রাম ওয়াসার এমডির মূল বেতন ১ লাখ ৮০ হাজার, তিনি চান সাড়ে চার লাখ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া গত বছরের ২২ জুন ‘চট্টগ্রাম ওয়াসার এমডিও বেতন বাড়াতে চান’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বর্তমানে চট্টগ্রাম ওয়াসার এমডির মূল বেতন ১ লাখ ৮০ হাজার টাকা। তিনি তাঁর মূল বেতন সাড়ে চার লাখ টাকা করার জন্য আবেদন করেছিলেন। অর্থাৎ এক লাফেই ২ লাখ ৭০ হাজার টাকা বা ১৫০ শতাংশ মূল বেতন বৃদ্ধির আবেদন করেছিলেন। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
বেতন-ভাতা বৃদ্ধির আবেদন প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, ‘করোনার কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এ অবস্থায় বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি ঠিক শোভন হবে না। এ জন্য বেতন-ভাতা বৃদ্ধির আবেদনটি প্রত্যাহার করে নিয়েছি।’
তাহলে বেতন-ভাতা বাড়ানোর আবেদন কেন করেছিলেন, জানতে চাইলে ফজলুল্লাহ বলেন, আসলে গত ১০ বছরে তাঁর কোনো ইনক্রিমেন্ট হয়নি। আবার ঢাকা ও খুলনা ওয়াসার এমডিদের বেতনও তাঁর চেয়ে বেশি। এসব কারণে বেতন-ভাতা বৃদ্ধির আবেদন করেছিলেন তিনি।
চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহর দ্বিতীয়বারের মতো গত জানুয়ারিতে বেতন-ভাতা বৃদ্ধির আবেদনে বিস্ময় প্রকাশ করেছিলেন বোর্ডের সদস্যরা। তাই ৬৫তম সেই বোর্ড সভা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এমডির বেতন-ভাতা বৃদ্ধির আবেদনের বিষয়টি যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিমকে।
গত বছরের ৪ মে অনুষ্ঠিত ৬১তম বোর্ড সভায়ও এমডি ফজলুল্লাহর বেতন-ভাতা বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। তখন বোর্ড দুই সদস্যের কমিটি গঠন করে দিয়েছিল। কমিটির প্রধান ছিলেন তৎকালীন বোর্ড সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যজিৎ কর্মকার। কমিটির সদস্য ছিলেন বোর্ডের সদস্য শওকত হোসেন। তবে সেই কমিটি কোনো সভা করেনি। কোনো প্রতিবেদনও জমা দেয়নি।
চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, করোনা মহামারির সময় গত বছরের মে মাসে বেতন-ভাতা বৃদ্ধির আবেদন করেছিলেন এমডি ফজলুল্লাহ। সে সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বেতন একলাফে পৌনে ২ লাখ টাকা বাড়ানো হয়। এ বৃদ্ধির পর তাঁর মাসিক বেতন দাঁড়ায় ৬ লাখ ২৫ হাজার টাকা।
চট্টগ্রাম ওয়াসার নথিপত্র অনুযায়ী, এমডি ফজলুল্লাহের মূল বেতন ১ লাখ ৮০ হাজার টাকা। তিনি তা বাড়িয়ে সাড়ে চার লাখ টাকা করার জন্য আবেদন করেছিলেন। তাঁর আবেদনমতে, ঢাকা ও খুলনা ওয়াসার এমডিদের মূল বেতন চট্টগ্রাম ওয়াসার এমডির দ্বিগুণ বা তারও বেশি। তাই তিনি নিজের বেতন-ভাতা বাড়ানোর আবেদন করেছেন।
ঢাকা ওয়াসার আদলে ২০১১ সালে চট্টগ্রাম ওয়াসায় এমডি পদ তৈরি করা হয়। এমডি পদে নিয়োগ পান চট্টগ্রাম ওয়াসার তৎকালীন চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ। তিনি ২০০৯ সালের ৬ জুলাই চট্টগ্রাম ওয়াসায় চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন। সবশেষ ২০২০ সালে ১ অক্টোবর আরও তিন বছরের জন্য তাঁকে চট্টগ্রাম ওয়াসার এমডি পদে নিয়োগ দেয় সরকার। ফজলুল্লাহ একসময় ওয়াসায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৮ সালে অবসরে যান।
চট্টগ্রাম ওয়াসার নথিপত্র অনুযায়ী, এমডি হিসেবে নিয়োগ পাওয়ার পর ফজলুল্লাহ মাসে ১ লাখ ৭৫ হাজার টাকা করে ‘সম্মানী’ পাচ্ছিলেন। ২০১৬ সালে তিনি তাঁর বেতন-ভাতা বৃদ্ধির জন্য আবেদন করেছিলেন। এরপর তাঁর মূল বেতন নির্ধারণ করা হয় ১ লাখ ৮০ হাজার টাকা। বাড়িভাড়া, চিকিৎসা, আপ্যায়ন, বিশেষ ভাতাসহ অন্যান্য বিষয় মিলিয়ে তাঁর বেতন-ভাতা দাঁড়ায় মোট ৩ লাখ ১৭ হাজার টাকা, যা ২০১৬ সালের মে থেকে কার্যকর হয়।
গত ১২ বছরে চট্টগ্রাম ওয়াসায় অন্তত ১০ বার পানির দাম বেড়েছে। করোনাকালেও পানির দাম বাড়ানো হয়েছে, যা চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। ২০১৩ সালে ১ হাজার লিটার পানির দাম ছিল ৬ টাকা ৫৮ পয়সা। এখন সেই পানির দাম ১৩ টাকা ২ পয়সা।