বেতাগী পৌর নির্বাচনে ভোটাররা মেয়র নয়, ভাবছেন কাউন্সিলর নিয়ে
বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েক দিন। নির্বাচনী মাঠে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে নির্বাচনের মূল আকর্ষণ মেয়র পদটি নিয়ে এখানকার ভোটারদের মধ্যে খুব একটা আগ্রহ নেই। এখন নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু কাউন্সিলর নির্বাচন নিয়ে। শহরের বিভিন্ন বাজার আর চায়ের দোকানে আড্ডায় ভোটাররা কাউন্সিলর প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেও নির্বাচনের প্রধান আকর্ষণ মেয়র পদটি নিয়ে আগ্রহ নেই।
জানা গেছে, ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বেতাগী পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আরও ৯ জনসহ মোট ৩৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এ বি এম গোলাম কবির, বিএনপির প্রার্থী হুমায়ূন কবির ও স্বতন্ত্র হিসেবে উপজেলা যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. মাহামুদুল হাসান মহসিন জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৯৯৯ সালে বেতাগী পৌরসভা গঠন করার পর এ পর্যন্ত চারটি নির্বাচন হয়েছে। এতে মেয়র পদে একবারের বেশি কেউ নির্বাচিত হয়ে আসতে পারেননি। স্থানীয় ভোটারের সঙ্গে কথা হয় নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি নিয়ে। তাঁদের অভিন্ন মতামত, এবার বেতাগী পৌরসভায় নির্বাচন বিগত নির্বাচনের তুলনায় ভিন্ন রূপ নিয়েছে। ভোটারদের মতে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও পৌরসভার বর্তমান মেয়র এ বি এম গোলাম কবির তফসিল ঘোষণার আগে থেকেই নির্বাচনের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তিনি অন্য দুই প্রার্থীর চেয়ে শক্ত অবস্থানে আছেন।
বিএনপির প্রার্থী সম্পর্কে ভোটারদের কয়েকজন বললেন, হুমায়ূন কবির বছরের বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। তৃণমূলের সঙ্গে তাঁর খুব একটা যোগাযোগ নেই। তাই এবারের নির্বাচনী মাঠে তিনি খুব একটা শক্ত অবস্থানে নেই। গত নির্বাচনের পর তিনি ঢাকায় চলে যান। পাঁচ বছর পর আবার নির্বাচন করার জন্য আসছেন।
তবে বিএনপির মেয়র প্রার্থী হুমায়ূন কবির বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে সরকারদলীয় প্রার্থী ভীতসন্ত্রস্ত হয়ে আমার প্রচারণায় বাধা দিয়ে আসছেন। নির্বাচন সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এক ভোটার বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ বি এম গোলাম কবির নির্বাচনী মাঠে ভালো অবস্থানে থাকায় ভোটাররা অন্য প্রার্থীদের দিকে ঝুঁকছেন না। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠ গরম করতে না পারায় ভোটারদের কাছে নির্বাচনে মেয়র পদের ফলাফল কিছুটা অনুমেয়। তাই ভোটাররা মেয়র প্রার্থীর চেয়ে কাউন্সিলর প্রার্থী বিশ্লেষণে বেশি আগ্রহী।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী সহিদুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর আছে।