বেতাগী পৌরসভা নির্বাচনে মাঠে আ.লীগ, অবরুদ্ধ বিএনপি
বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদ থেকে তাঁরা প্রচারণা শুরু করেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির মেয়র প্রার্থী ও তাঁর কর্মীদের অবরুদ্ধ করে রাখায় তাঁরা প্রচারণা চালাতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির মেয়র প্রার্থী এই অভিযোগ করেছেন।
এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের এ বি এম গোলাম কবির ও বিএনপির হুমায়ূন কবির প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল মেয়রসহ ৩৮ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অংশ নেবেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রার্থীরা পোস্টার আর ব্যানার টাঙানো শুরু করেন।
বিএনপি প্রার্থীর অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বেতাগী থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে এ প্রতিবেদন লেখার সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যায় ৩ নম্বর ওয়ার্ডসংলগ্ন বেতাগী বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রার্থী এ বি এম গোলাম কবির প্রচারণায় নামবেন। তবে বিএনপির মেয়র প্রার্থী হুমায়ূন কবির প্রচারণা শুরুর বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি। তিনি অভিযোগ করেন, নৌকা মার্কার প্রার্থীর তাণ্ডবে তিনি প্রচারণায় নামতে পারছেন না। মনোনয়নপত্র দাখিলের পর থেকেই তাঁকে একরকম অবরুদ্ধ করে রেখেছেন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা। বিএনপির সমর্থকদের কেউ তাঁর বাসায় ঢুকলে বের হওয়ার পর তাঁকে মারধর করে আহত করা হচ্ছে। ইতিমধ্যে ১০ জনেরও বেশি সমর্থককে মারধর করা হয়েছে। এখন তাঁরা ভয়ে শহরে প্রবেশ করতে পারছেন না।
বিএনপির এই প্রার্থী বলেন, প্রচারণার প্রথম দিন থেকেই তিনি ঘরে অবরুদ্ধ। নেতা-কর্মীদের মারধরের বিষয়টি জেলার রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়ে জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে বিকেল পৌনে পাঁচটার দিকে আওয়ামী লীগ প্রার্থী এ বি এম গোলাম কবিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বেতাগী পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, বিএনপি প্রার্থীর অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বেতাগী থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একটি অভিযোগ তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।