বেতাগীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত
বরগুনার বেতাগীতে জমি নিয়ে বিরোধে জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে আটটায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ধলু মৃধার (৬০) বাড়ি দক্ষিণ ভোলানাথপুরে। এ ঘটনায় তাঁর ছেলে মো. হাসান (১৯) আহত হন।
নিহত ব্যক্তির স্বজনেরা জানান, জমি নিয়ে ধলু মৃধার সঙ্গে তাঁর চাচাশ্বশুর রফিক মল্লিকের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এর জেরে আজ সকালে রফিক মল্লিক তাঁর লোকজন নিয়ে জমি পরিমাপ করতে আসেন। এ সময় ধলু মৃধার সঙ্গে রফিক মল্লিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রফিক ও তাঁর লোকজন দেশি অস্ত্র নিয়ে ধলু মৃধা ও তাঁর ছেলের ওপর হামলা করেন। এতে ধলু মৃধা ও তাঁর ছেলে হাসান আহত হন।
পরে ওই দুজনকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ধলু মৃধাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যায়।
আহত মো. হাসান বলেন, ‘রফিক মল্লিকের কাছে আমাদের জমি মেপে সীমানা দেওয়ার কারণ জানতে চেয়েছিলাম। তিনি আমাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বলেন। তাঁর সঙ্গে আমাদের কথা-কাটাকাটি হয়। তাঁরা পূর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালান।’
ঘটনার পর রফিক মল্লিক ও পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে চলে যান। এ জন্য তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।