বেতাগীতে হাসপাতালে ছাদের পলেস্তরা ধসে রোগী আহত
বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে একটি ওয়ার্ডের ছাদের পলেস্তরা ধসে আবদুস ছালাম (৬০) নামের এক রোগী আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে হাসপাতালের দোতলায় পুরুষ ওয়ার্ডে এ ঘটে ঘটনা। এ সময় ওই কক্ষের রোগীদের চিৎকার শুনে আশপাশের অন্যান্য রোগী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ছাদ ধসে পড়া ভবনটি প্রায় দুই মাস আগে পরিত্যক্ত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রবীন্দ্রনাথ সরকার।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় প্রায় দুই মাস আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিকল্প কোনো ভবন না থাকায় এই ভবনে রোগীদের চিকিৎসাসেবা চলছে। গতকাল রাত ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ছাদের পলেস্তার ধসে পড়ে, এতে এক রোগীর মাথা ফেটে যায়। এতে ওই রোগীকে তিনটি সেলাই দেওয়া হয়। এ সময় ওই ওয়ার্ডে ১৫ রোগী ভর্তি ছিলেন।
আহত ছালাম বলেন, ‘আমি বিছানায় শোয়া ছিলাম। হঠাৎ ছাদের পলেস্তরার কিছু অংশ ধসে পড়ে। এতে আমার মাথা ফেটে যায়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও রবীন্দ্রনাথ সরকার বলেন, ‘একটি বড় ধরনের বিপদ থেকে আমরা বেঁচে গেছি। ভাগ্য ভালো, কেউই ছাদ থেকে ধসে পড়া পলেস্তরা নিচ বরাবর ছিলেন না। তা–ও কিছুটা পলেস্তরা পড়েছে একজনের ওপরে। এতে মারাত্মক কিছু ঘটেনি। তাঁকে হাসপাতালের অন্য কক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরাও ঝুঁকির মধ্যে আছি।’
এ বিষয়ে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, গতকাল রাতে হঠাৎ হাসপাতাল ভবনের দোতলায় পুরুষ ওয়ার্ডে বিমের কিছু অংশের পলেস্তরা খসে পড়ে। এতে একজন সামান্য আহত হন। হাসপাতালের ভবনটি অনেক পুরোনো। ইতিমধ্যেই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এটি ভেঙে নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া আগে থেকেই চলমান ছিল।