বেনাপোল রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

যশোরের বেনাপোল রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে বেনাপোল রেলস্টেশন থেকে কিছুটা দূরে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের বুক ও পেটে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তাঁর বয়স ৪০ থেকে ৪২ বছর বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরনে জিনসের প্যান্ট ও লাল রঙের গেঞ্জি ছিল।

পুলিশ জানায়, আজ সকালে বেনাপোল রেলস্টেশন থেকে ২০০ গজ পূর্বে রেললাইনের পাশে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ পড়ে ছিল। এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে বেনাপোল বন্দর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের বুকের মাঝে ও পেটে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পেট থেকে নাড়িভুঁড়ি কিছুটা বের হয়ে ছিল। ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তাঁর নাম ও পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।