বেনাপোল স্থলবন্দরে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোল স্থলবন্দর
ফাইল ছবি

চার দফা দাবিতে যশোরের বেনাপোল স্থলবন্দরে আজ বুধবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছিল বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। কর্মবিরতির কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

পরে দুপুর সোয়া ১২টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এতে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আবার শুরু হয়েছে।

চার দফা দাবির মধ্যে ছিল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারকে প্রত্যাহার, বন্দরে পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহসহ দক্ষ চালক নিয়োগ, বন্দরে পর্যাপ্ত শেড ও জায়গা বৃদ্ধি এবং বন্দর এলাকা যানজটমুক্ত রাখা।

সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, দাবি আদায়ের জন্য বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করা হয়েছিল। কিন্তু আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধন করবেন। কয়েক দিনের মধ্যে জাতীয় বাজেট ঘোষণা করা হবে। এ ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। এসব কারণে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন অনুরোধ করেছেন কর্মবিরতি পালন না করতে। সমস্যা সমাধানের জন্য তিনি চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন। এ জন্য কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। সমস্যার সমাধান না হলে বাজেট ঘোষণার পর আবার কর্মবিরতি শুরু করা হবে।

আজিম উদ্দিন গাজী আরও বলেন, বেনাপোল বন্দরের মাধ্যমে বাংলাদেশ সরকার প্রতিবছর প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। কিন্তু বন্দরে পর্যাপ্ত ইকুইপমেন্ট (ক্রেনের মতো সরঞ্জাম) না থাকার কারণে পণ্য ওঠানো-নামানো চরমভাবে ব্যাহত হচ্ছে। এসব সরঞ্জামের ব্যবস্থা করার দাবিতে কর্মবিরতি ডাকা হয়েছিল।

স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছে। ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।