বেনাপোলে ঘুম থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
যশোরের বেনাপোলে আল আমিন ওরফে নয়ন (২৮) নামের এক যুবককে রাতে ঘুম থেকে মুঠোফোনে ডেকে নিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে বাড়ির পাশের গাছতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলামত হিসেবে ওই যুবকের মুঠোফোন জব্দ করেছে পুলিশ।
নিহত আল আমিন যশোরের বেনাপোল বন্দরসংলগ্ন দুর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। আল আমিন বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেডে অস্থায়ী সহকর্মী হিসেবে কাজ করতেন। এ ছাড়া তিনি বেনাপোল বাজারে একটি কম্পিউটারের দোকানেও কাজ করতেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে রাতের খাওয়া শেষে আল আমিন ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কে বা কারা আল আমিনকে মুঠোফোনে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায়। আল আমিন রাতে আর ঘরে ফেরেননি। সকালে স্বজনেরা বাড়ির বাইরে গাছতলায় মুখে গামছা গোঁজা অবস্থায় আল আমিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
আল আমিনের বোন লাবনী খাতুন বলেন, গভীর রাতে কে বা কারা আল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর তাঁরা ঘুমিয়ে পড়েন। আজ সকালে বিছানায় তাঁকে দেখতে না পেয়ে ফোনে খোঁজ করতে থাকেন। পরে তাঁরা দেখেন, বাড়ির পাশের একটি গাছের নিচে সে শুয়ে আছে। কাছে গিয়ে দেখেন গলায় তার পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। গলায় রক্তের দাগ ছিল। তাঁর মুখের ভেতর কাপড় গুঁজে দেওয়া ছিল।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বেলা তিনটার দিকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তাঁর নাক-মুখে রক্তের দাগ ছিল। রাতে মুঠোফোনে তাঁকে কেউ ডেকে নিয়ে হত্যা করেছে। আলামত হিসেবে তাঁর ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।