গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড ইস্যুতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষের (বেপজা) প্রতিশ্রুতিতে আস্থা পাচ্ছেন না সাঁওতালরা। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) সাঁওতালদের কর্মসংস্থানে অগ্রাধিকারের কথা বলা হচ্ছে। কিন্তু তাঁদের সঙ্গে বেপজার আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনাই হয়নি। ২১ অক্টোবর ইপিজেড বাস্তবায়নসংক্রান্ত সমন্বয় সভায় সাঁওতাল নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সভাও স্থগিত করা হয়েছে। ফলে সাঁওতালদের মধ্যে উচ্ছেদ–আতঙ্ক কাটছে না।
সাঁওতালদের দাবি, গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মের যে জমিতে ইপিজেড হবে, সেগুলো তাঁদের বাপ-দাদার জমি। ইপিজেড হলে তাঁরা জমি থেকে উচ্ছেদ হবেন। তাই ইপিজেড না করার দাবিতে আন্দোলন করছেন তাঁরা। দফায় দফায় তাঁরা নানা কর্মসূচি পালন করছেন।
রংপুর চিনিকল সূত্র জানায়, চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে ইপিজেড নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে ইপিজেড নির্মাণে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। ইপিজেড নির্মাণে বেপজাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বেপজা ইপিজেড নির্মাণে প্রস্তুতি শুরু করেছে। নাম দেওয়া হয়েছে ‘রংপুর ইপিজেড’। গত ২৪ আগস্ট বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম সাহেবগঞ্জ এলাকা পরিদর্শন করেন।
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল কবির বলেন, বর্তমানে চিনিকলে আখমাড়াই বন্ধ। জমিগুলো কাজে লাগছে না। তাই বেপজা এখানে ইপিজেড নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। ইপিজেড নির্মিত হলে অসংখ্য শিল্পকারখানা গড়ে উঠবে। মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। সেখানে সাঁওতালদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে।
২০১৬ সালের মাঝামাঝি আন্দোলন গড়ে তোলেন স্থানীয় সাঁওতালরা। ওই বছরের ৬ নভেম্বর এসব জমিতে আখ কাটাকে কেন্দ্র করে চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে শ্যামল, মঙ্গল ও রমেশ নামের ৩ জন সাঁওতাল নিহত হন।
সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে বলেন, বেপজা কেবল গণমাধ্যমে তাঁদের কর্মসংস্থানে অগ্রাধিকারের কথা বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু তাঁদের আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না। বেপজার নির্বাহী চেয়ারম্যান এলাকা পরিদর্শন ও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভা করেন। সেখানে তাঁদের ডাকা হয়নি। একই সম্মেলনকক্ষে আগামী ২১ অক্টোবর প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়নসংক্রান্ত সমন্বয় সভা ডাকা হয়। সেখানে উপস্থিত থাকতে তাঁকে ফোন করে পুলিশ। সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিলেও তাঁকে দেওয়া হয়নি। সেই সভাও স্থগিত হয়েছে বলে শুনেছেন তিনি।
জেলা প্রশাসক মো. আবদুল মতিন প্রথম আলোকে বলেন, বেপজা কর্তৃপক্ষ সভাটি স্থগিত করতে বলেছে। পরবর্তীকালে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
ওই সমন্বয় সভায় গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান আরিফুর রহমানের উপস্থিত থাকার কথা ছিল।
১৯৫৪ সালে সাহেবগঞ্জ বাগদা ফার্মে ১ হাজার ৮৩২ একর জমি অধিগ্রহণ করে চিনিকল। এ জমি বাপ-দাদার দাবি করে ২০১৬ সালের মাঝামাঝি আন্দোলন গড়ে তোলেন স্থানীয় সাঁওতালরা। জমি উদ্ধারে গঠিত হয় সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। ওই বছরের ৬ নভেম্বর এসব জমিতে আখ কাটাকে কেন্দ্র করে চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে শ্যামল, মঙ্গল ও রমেশ নামের ৩ জন সাঁওতাল নিহত এবং পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় করা মামলাটি এখন বিচারাধীন।
এ ঘটনার পর চিনিকল কর্তৃপক্ষ কাঁটাতারের বেড়া দিয়ে এ জমি তাদের দখলে নেয়। কিন্তু তিন বছর ধরে সাঁওতালরা কাঁটাতারের বেড়া ভেঙে জমিগুলো তাঁদের দখলে নেন। সেখানে তাঁরা নানা ফসলের চাষ করতে থাকেন। বর্তমানে জমিগুলো সাঁওতালদের দখলে রয়েছে।
আজ সোমবার সকালে জমিগুলোতে সাঁওতাল নারী-পুরুষদের মধ্যে কর্মব্যস্ততা দেখা যায়। কেউ মাঠে ছাগল চরাতে যাচ্ছেন। কেউ গরু নিয়ে যাচ্ছেন মাঠে। নারীরা সাংসারিক কাজ করছেন। কর্মব্যস্ততার মধ্যেও তাঁদের চোখেমুখে উচ্ছেদ–আতঙ্কের ছাপ।
জয়পুর গ্রামের শিক্ষক প্রিসিলা মুরমু বলেন, এখানে ইপিজেড হলে তাঁদের লোকজন বাপ-দাদার জমি থেকে উচ্ছেদ হবেন। যাঁরা জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছিলেন, তাঁরা পথে বসবেন। একই গ্রামের অলিভিয়া মুরমু বলেন, সরকার আশ্বাসের বাণী শোনালেও তার কোনোটিই আজও বাস্তবায়িত হয়নি। কর্মসংস্থানের নিশ্চয়তা না দিয়ে ইপিজেড করলে তাঁরা মেনে নেবেন না। পার্শ্ববর্তী মাদারপুর গ্রামের সুফল হেমব্রম বলেন, তিন সাঁওতাল শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু নিহত হওয়ার ঘটনার পাঁচ বছর পেরিয়ে যাচ্ছে। কিন্তু মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। মামলার সমাধান না করে ইপিজেড নির্মাণ করলে, তাঁদের অবস্থা কী হবে! ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি আরও বলেন, ইপিজেড নির্মাণের পরিকল্পনা বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
ইপিজেড নির্মাণের সিদ্ধান্তের পর সাঁওতালদের আন্দোলন জোরদার হয়ে উঠেছে। তাঁরা ইপিজেড নির্মাণ না করার দাবিতে মানববন্ধন, মিছিল–সমাবেশ অব্যাহত রেখেছেন। পাশাপাশি তাঁরা বাপ-দাদার জমি ফেরত এবং তিন সাঁওতাল হত্যার বিচারের দাবি জানাচ্ছেন।