বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী শিক্ষক নিহত
বাগেরহাটের কচুয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গোবিন্দ লাল দেবনাথ (৫০) নামের এক গৃহশিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার কিছু আগে সাইনবোর্ড-কচুয়া সড়কের কচুয়া উপজেলার মধ্য আড়িয়ামর্দন গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই শিক্ষক গোবিন্দ লাল দেবনাথ মারা যান। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী মান্না শেখ (১৮) ও আকাশকে (১৮) উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত ব্যক্তিদের বাড়ি কচুয়া উপজেলার হাজড়াপাড়া।
নিহত গোবিন্দ লাল দেবনাথ কচুয়া উপজেলার আড়িয়ামর্দন গ্রামের দেবন্দ্র কুমার দেবনাথের ছেলে। তিনি প্রাইভেট টিউশনি করেই জীবীকা নির্বাহ করতেন। কচুয়া থানা–পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি বাইসাইকেলে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাইসাইকেল আরোহী গোবিন্দ লাল মারা যান। নিহতের মরদেহ উদ্ধার এবং মোটরসাইকেল ও বাইসাইকেল জব্দ করা হয়েছে।