বেলকুচিতে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাড়ি ফেরার পথে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর রান্ধুনিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন সিরাজ শিকদার (৫৫) ও তাঁর ছেলে সাঈদ শিকদার ওরফে জাকির (১৯)। তাঁদের বাড়ি বেলকুচি উপজেলার চর রান্ধুনিবাড়ি এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ রাতে উপজেলার মকিমপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত সিরাজ শিকদার ও জাকিরকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। স্থানীয় ব্যক্তিরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। পরে বেলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের শিকার সিরাজ শিকদার ডাকাতিসহ সাতটি মামলার আসামি। রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ বলেন, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন।
রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কুপিয়ে তাঁদের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে গেছে।