বেলকুচিতে স্পার বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনায় প্রবল স্রোতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্পার বাঁধের প্রায় ৭৫ মিটার ধসে পড়েছে। সোমবার দুপুরে উপজেলার বেতিল এলাকায়। ছবি: প্রথম আলো
যমুনায় প্রবল স্রোতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্পার বাঁধের প্রায় ৭৫ মিটার ধসে পড়েছে। সোমবার দুপুরে উপজেলার বেতিল এলাকায়। ছবি: প্রথম আলো

যমুনার প্রবল স্রোতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেতিল এলাকার স্পার বাঁধের প্রায় ৭৫ মিটার ধসে পড়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। স্পার বাঁধের এই অংশ হঠাৎ ধসে পড়ায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। এই ঘটনার পর পাউবো ওই বাঁধ রক্ষায় বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জ কার্যালয় সূত্র জানায়, পাউবো ২০০০ সালে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে বেলকুচি উপজেলার বেতিল এলাকায় স্পার বাঁধটি নির্মাণ করে। চৌহালী উপজেলার এনায়েতপুর ও বেলকুচি উপজেলার বেতিল, খামারগ্রামসহ বিশাল একটি এলাকাকে যমুনার ভাঙন থেকে রক্ষা করতেই এই স্পার বাঁধটি নির্মাণ করা হয়। এরপর ২০১৯ সালের ঠিক এই সময়েই স্পার বাঁধটির একটি অংশ ধসে পড়ে। ওই সময়ও বাঁধের ওই অংশে সংস্কারকাজ করা হয়।

স্থানীয়রা জানান, যমুনায় পানির তীব্র স্রোতে সোমবার সকালে বেতিল এলাকার স্পার বাঁধে হঠাৎ ধস নামতে শুরু করে। দুপুর পর্যন্ত বাঁধের ৭৫ মিটার অংশ যমুনায় বিলীন হয়ে যায়। এ সময় বাঁধের উত্তর পাশে থাকা একটি বসতভিটাও পানির তোড়ে বিলীন হয়ে যায়। বাঁধের ওই অংশ আকস্মিক বিলীন হওয়ায় এলাকাজুড়ে দেখা দেয় আতঙ্ক। স্থানীয়রা বাঁধটি রক্ষণাবেক্ষণে পাউবোর কর্মকর্তার অবহেলাকে দায়ী করে দ্রুত এটি সংস্কারের দাবি জানিয়েছেন। বাঁধধসের খবর পেয়ে জেলা পাউবোর একটি প্রতিনিধিদল সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে। তারা বাঁধের ধসে যাওয়া স্থানে বালুভর্তি জিও ব্যাগ ফেলে স্পার বাঁধে ভাঙন বন্ধ করে।

পাউবো সিরাজগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, স্পার বাঁধটির উত্তর পাশে একটি চর জেগে ওঠায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে বাঁধের মাঝামাঝি এই স্থানে স্রোতের সৃষ্টি হচ্ছে। এতে স্পার বাঁধের ওই অংশ ধসে পড়েছে। বাঁধের উত্তর পাশে জেগে ওঠা চর অপসারণ ও আগামী শুষ্ক মৌসুমে স্থায়ীভাবে মেরামতের কাজ শুরু হলে বাঁধটি ঝুঁকিমুক্ত হবে।