বেলাবতে কবির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীদের মানববন্ধন। বুধবার নরসিংদীর বেলাব উপজেলার খামারেরচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে
ছবি: প্রথম আলো

নরসিংদীর বেলাব উপজেলায় কবির হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়

গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খামারেরচর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত কবির হোসেন ওই গ্রামের আবদুল হাইয়ের ছেলে ও স্থানীয় বারৈচা বাজারের ব্যবসায়ী ছিলেন। তিনি একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

আরও পড়ুন

এ ঘটনায় গত সোমবার রাতে নিহত ব্যক্তির মা শামছুন্নাহার বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। মামলার নাম উল্লেখ করা আসামিরা হলেন তাজুল ইসলাম (৬৫), ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রিনা বেগম (৬০), ফরিদ মিয়া (২৮), বায়েজিদ মিয়া (৩০), শিপন মিয়া (২৮), শাহীন মিয়া (৩৫), সাফির উদ্দিন (৪০), ফরহাদ মিয়া (৩২) ও আবু সাইদ (১৯)। তাঁদের সবার বাড়ি খামারেরচর এলাকায়।

মানববন্ধনের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় সড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার বাস-ট্রাকসহ বিপুলসংখ্যক যানবাহনের জট তৈরি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেনের নেতৃত্বে আরও পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাসে এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়ক থেকে সরে যান তাঁরা। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধনে নিহত ব্যক্তির বাবা আবদুল হাই, মা শামছুন্নাহার, স্ত্রী নিপা বেগম, ছোট ভাই স্বপন মিয়া, ভাতিজা আশিক মিয়া প্রমুখ বক্তব্য দেন। নিহত কবির হোসেনের স্বজনেরা ছাড়াও স্থানীয় তিন শতাধিক বাসিন্দা এই মানববন্ধনে অংশ নেন।

নিহত ব্যক্তির বাবা আবদুল হাই বলেন, ২০১৭ সালে তাজুল ইসলাম ও রিনা বেগম দম্পতির ছেলে সোহরাব খুন হন। তখন রিনা বেগমের করা মামলায় কবিরকে আসামি করা হয়। মাস দেড়েক আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। এরপর তাঁরা কবিরকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ২৫ জুন দুপুর ১২টার দিকে আসামি সাফির উদ্দিন দোকান থেকে কবিরকে ডেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। খামারেরচর এলাকার একটি গ্যারেজের সামনে দিয়ে তাঁরা যাচ্ছিলেন। সেখানে আগে থেকে ওত পেতে ছিলেন আসামিরা। সেখানে তাজুলের নির্দেশে ফরিদ ও শিপন চাপাতি দিয়ে কবিরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি কোপান। এ সময় অন্য আসামিরা কবিরের হাত-পা ধরে রেখেছিলেন। এতে ঘটনাস্থলেই কবিরের মৃত্যু হয়।

আবদুল হাই বলেন, দেশে আইন-আদালত আছে। কবির যদি আদালতে দোষী সাব্যস্ত হতেন, তাহলে আইন অনুযায়ী তাঁর সাজা হতো। তিনি দোষী ছিলেন কি না, তা জানার আগেই তাঁকে হত্যা করা হলো। তিনি ছেলে হত্যার বিচার চান।

কবিরের স্ত্রী নিপা বেগম বলেন, তাঁর স্বামীকে তাজুল ইসলাম ও রিনা বেগম পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যা করেছেন। জামিনে বেরিয়ে এসে তিনি ব্যবসায় মনোযোগ দিয়েছিলেন। যাঁরা দিনেদুপুরে এমন নির্মমভাবে তাঁর স্বামীকে হত্যা করেছেন, তাঁদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি চান তিনি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালের ১২ অক্টোবর নারায়ণপুর ইউপির তৎকালীন সদস্য রিনা বেগমের ছেলে সোহরাব ওরফে মুসাকে গলা কেটে হত্যা করা হয়। ওই ঘটনায় রিনা বেগমের করা মামলার প্রধান আসামি ছিলেন কবির। তিন বছর পলাতক থাকার পর ২০২০ সালের ২ অক্টোবর গাজীপুরের মাওনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সম্প্রতি তিনি জামিন পেয়ে এলাকায় ফেরেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলা আছে।

ওসি সাফায়েত হোসেন প্রথম আলোকে বলেন, মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে—এমন আশ্বাস দেওয়ার পর তাঁরা মহাসড়ক থেকে সরে যান। ইতিমধ্যে আবু সাইদ নামের মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।