বেলাবতে শিশু ধর্ষণের অভিযোগ, চার দিনেও মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

নরসিংদীর বেলাবতে বাড়িতে ঢুকে ১১ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের অভিযোগে বেলাব থানায় লিখিত অভিযোগ দেন ওই শিশুর বাবা। তবে চার দিন পেরিয়ে গেলেও অভিযোগটি মামলা হিসেবে নেয়নি পুলিশ। থানায় বারবার যোগাযোগ করায় পুলিশ গালাগালি করেছে বলেও অভিযোগ তুলেছেন ওই শিশুর বাবা।

শিশুটি চার দিন ধরে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে। সোমবার বেলা তিনটার দিকে হাসপাতালে শিশুটির বাবা প্রথম আলোকে বলেন, কেন পুলিশ মামলা নিচ্ছে না, সেটিই বুঝতে পারছেন না তাঁরা। তিনি বলেন, ‘মামলা করতে ব্যর্থ হয়ে ৯৯৯–এ ফোন করায় উল্টা পুলিশের গালমন্দ খেতে হয়েছে আমাদের। অভিযুক্ত ব্যক্তির পরিবারের কাছ থেকে হয়তো কোনো অর্থনৈতিক সুবিধা নিয়েছে বেলাব থানার পুলিশ। তাই হয়তো এ মামলা নিতে তারা চাইছে না। আমরা চাই, এ ঘটনায় পুলিশ মামলা নিক ও আসামিকে গ্রেপ্তার করুক। এই অমানবিক ঘটনার বিচার চাই আমরা।’

এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি। তবে অন্য একটি মুঠোফোন নম্বর থেকে কল দেওয়া হলে তিনি কল ধরেন। পরে ধর্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি সঙ্গে সঙ্গে কল কেটে দেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান প্রথম আলোকে বলেন, ‘বেলাব থানার ওসি আমাকে জানিয়েছেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ তাঁরা পেয়েছেন। তবে এ ঘটনায় কেন এখনো মামলা নেওয়া হয়নি, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। এ ঘটনায় পুলিশ অবশ্যই মামলা নেবে।’

বাংলাদেশ মহিলা পরিষদের বেলাব আঞ্চলিক শাখার সভাপতি রাবেয়া খাতুন প্রথম আলোকে বলেন, ‘ধর্ষণের ওই ঘটনার পরপরই শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা বিস্তারিত জেনেছি। শিশু ধর্ষণের মতো ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না শুনে বেলাব থানার ওসির সঙ্গে আমি কথাও বলেছি। কিন্তু তাঁর কাছ থেকে আমরা কোনো আন্তরিকতা পাইনি। কেন তিনি মামলা নিতে চাচ্ছেন না, এর পেছনের ঘটনা কী, বিষয়টি তদন্ত করে দেখা দরকার।’

শিশুটির পরিবার ও স্থানীয় লোকজন জানান, গত বুধবার রাত ৯টার দিকে শিশুটিকে ঘরে একা রেখে তার মা-বাবা বাড়ির পাশের একটি মাজারে যান। যাওয়ার সময় অভিযুক্ত ওই যুবক পথে তাঁদের জিজ্ঞাসা করেন,‌‘আপনারা কোথায় যাচ্ছেন’। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ওই যুবক ঘরে প্রবেশ করে মুখে ওড়না বেঁধে শিশুটিকে ধর্ষণ করেন। প্রতিবেশীরা বিষয়টি টের পেলে পালিয়ে যান ওই যুবক। বাড়িতে ফিরে ঘটনা জানতে পেরে ওই রাতেই থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন শিশুটির বাবা। গত রোববার সকালে শিশুটিকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে বিকেলে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নরসিংদী সদর হাসপাতালে শিশুটির পরীক্ষা করেছেন গাইনি বিভাগের চিকিৎসক তাজরিনা আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্যবস্থাপত্রে লিখে দিয়েছি, এটা পুলিশ কেস। এখন মামলা নেওয়ার দায়িত্ব পুলিশের।’ ধর্ষণের কোনো আলামত পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার বলার কোনো এখতিয়ার নেই আপাতত।’

শিশুটির বাবা প্রথম আলোকে বলেন, ঘটনার পরদিন ঘটনাস্থলে এসে সত্যতা পাওয়ার পরও মামলা নেয়নি পুলিশ। দ্বিতীয় দিন মামলা না নেওয়ায় ৯৯৯–এ ফোন করলে আবার পুলিশ আসে। এ সময় বেলাব থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বাড়ৈ ৯৯৯–এ ফোন দেওয়ার কারণে গালমন্দ করেন। পরে আরও তিনবার তিনি থানায় যান, তারপরও তারা মামলা নেয়নি।

ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েটি হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে। ঘটনার পর থেকে কয়েক দফা থানায় গেলেও বেলাব থানার পুলিশ গড়িমসি করছে। এমনকি, মেয়েকে হাসপাতালে নিয়ে আসা ও মেডিকেল টেস্ট করানোর বিষয়েও পুলিশ কোনো সাহায্য করেনি। থানায় গেলে পুলিশ বলে, ‌আপনারা আসামির খোঁজ দেন। তাঁকে ধরে এনে তারপর মামলা নেওয়া হবে।’