বেলাবতে সিসা কারখানার বিষক্রিয়ায় ৫ দিনে ৫ গরুর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী জেলার মানচিত্র

নরসিংদীর বেলাবতে গত পাঁচ দিনে হাফিজ অ্যাগ্রো কমপ্লেক্স নামের একটি খামারে একে একে পাঁচটি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ৭ ফেব্রুয়ারি থেকে আজ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ গ্রামের ওই খামারে গরুগুলোর মৃত্যু হয়।

খামার কর্তৃপক্ষের অভিযোগ, পুরোনো ব্যাটারি থেকে সিসা সংগ্রহের একটি কারখানার বিষের প্রভাবে এ ঘটনা ঘটছে। ওই সিসা কারখানার মালিক এরই মধ্যে গা ঢাকা দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি রাজারবাগ গ্রামে গোলাপ মিয়া নামের এক ব্যক্তির জমি ভাড়া নিয়ে সিসা কারখানা স্থাপন করা হয়। কারখানার মালিকের নাম টুটুল মিয়া। তাঁর বাড়ি গাইবান্ধায় হলেও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির প্রশ্রয়ে কারখানাটি সচল রেখেছিলেন তিনি। মাসখানেক আগে একই ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামে আরেকটি সিসা কারখানা করেছিলেন টুটুল।

রাজারবাগ গ্রামের হাফিজ অ্যাগ্রো কমপ্লেক্স নামের ওই গরুর খামারের ব্যবস্থাপক ফজলুল হক বলেন, ‘ওই সিসা কারখানার পাশেই আমাদের ঘাসের জমি। সেখান থেকে ঘাস কেটে এনে খামারের গরুগুলোকে খাওয়ানো হলে ৭ ফেব্রুয়ারি ২টি, পরদিন আরও ২টি এবং আজ আরও ১টি গরু মারা যায়। পাঁচটি গরুর মৃত্যুর পর আমরা বুঝতে পেরেছি, যে জমিতে ঘাস আবাদ করা হয়েছিল, সেখানে কারখানার অ্যাসিড পড়ে বিষাক্ত হয়ে ছিল। আর সে ঘাস খাওয়ানোর কারণেই গরুগুলোর মৃত্যু হয়েছে।’

কৃষক, ব্যবসায়ীসহ স্থানীয় লোকজনের অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে পুরোনো ব্যাটারি সংগ্রহ করে এনে ব্যাটারির ভেতর থেকে সিসা সংগ্রহ করা হতো ওই কারখানায়। ওই সিসা কারখানায় রাতে বেশি ব্যাটারি পুড়িয়ে সিসা সংগ্রহ করা হতো। এর ফলে নির্গত অ্যাসিডের কারণে গবাদিপশু, পুকুরের মাছ ও ফসলি জমির অনেক ক্ষতি হয়েছে। নিকটবর্তী বেশ কিছু জমির বোরো ধানও পচে নষ্ট হয়ে গেছে। সম্প্রতি সিসা কারখানার বিষের প্রভাবের বিষয়টি জানাজানি হলে টুটুল মিয়া গা ঢাকা দেন।

জানতে চাইলে নরসিংদীর পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক প্রলয় জামান বলেন, অবৈধ এসব কারখানা স্থাপনের ফলে পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়। এসব কারখানার পানি ও আগুনের ধোঁয়া পরিশোধন করা না হলে মাটি ও বাতাসে সিসার মাত্রা বেড়ে যায়। এতে ফসলি জমি ও জীবের মারাত্মক ক্ষতি হয়। ওই খামারের পাঁচটি গরুর মৃত্যুর পেছনে ওই অবৈধ কারখানার বিষের প্রভাব দায়ী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শরিফ বলেন, ‘পাঁচটি গরুর অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে মনে হয়েছে, গরুগুলোকে খেতে দেওয়া ওই ঘাসে সিসা কারখানার বিষাক্ত অ্যাসিড মিশে গিয়েছিল। ওই বিষক্রিয়ায়ই গরুগুলোর মৃত্যু হয়েছে।’

বেলাব থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার রায় জানান, যাঁদের গরু মারা গেছে, তাঁরা থানায় এসে লিখিত অভিযোগ দিলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।