বেল্ট নষ্ট, বন্ধ চলন্ত সিঁড়ির একাংশ
হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের পদচারী-সেতুর চলন্ত সিঁড়ির একপাশের হাতলের বেল্ট নষ্ট হয়ে গেছে। এ কারণে বন্ধ রাখা হয়েছে চলন্ত সিঁড়ির ওই অংশ। এতে রাস্তা পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।
চলন্ত সিঁড়ির অপারেটর সাইফুল ইসলাম বলেন, প্রায় ২০ দিন আগে চলন্ত সিঁড়ির বেল্ট নষ্ট হয়ে যায়। পরে নিরাপত্তার স্বার্থে সিঁড়িটি বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, অধিকাংশ মানুষ চলন্ত সিঁড়ির হাতলে হাত রেখে ওঠানামায় অভ্যস্ত। বেল্ট বন্ধ থাকলে তাদের অনেকেরই উল্টে যাওয়ার আশঙ্কা থাকে।
চলন্ত সিঁড়িটি স্থাপনকারী প্রতিষ্ঠান হরাইজন্টাল টেকনোর সহকারী ব্যবস্থাপক আহসান হাবিব বলেন, ‘হাতলের বেল্ট নষ্ট হয়ে গেছে। আমরা অর্ডার দিয়েছি। মালয়েশিয়া থেকে বেল্ট পৌঁছাতে আরও দুই সপ্তাহের মতো সময় লাগবে।’ এত সময় লাগছে কেন জানতে চাইলে তিনি বলেন, ‘বেল্ট আগে থেকে প্রস্তুত করা থাকে না। নির্দিষ্ট মাপ অনুযায়ী অর্ডার দিয়ে আনতে হয়।’