বেশি টাকার মালিক হতে ইয়াবার ব্যবসায় নামেন রোহিঙ্গা ভাই-বোন
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে আরও পাঁচ লাখ রোহিঙ্গার সঙ্গে ২০১৭ সালের অক্টোবরে দেশ ছেড়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছিল আট সদস্যের পরিবারটি। সব ফেলে আসা পরিবারটির ঠাঁই হয় কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের একটি ঝুপড়ি ঘরে। বিভিন্ন এনজিওর কাছ থেকে পাওয়া খাবার দিয়েই কেটে যায় তিন বেলা। তবে হাতে কিছু নগদ টাকার অভাব রয়েই যায়।
এর মধ্যে তাঁরা দেখেন, প্রতিবেশী অনেক রোহিঙ্গাই ক্যাম্পে থেকে বেশ টাকাপয়সার মালিক হয়ে গেছেন। তাঁদের মতোই বেশি টাকার মালিক হতে চাইলেন বাস্তুচ্যুত ওই পরিবারটির দুই সদস্য। সম্পর্কে তাঁরা ভাইবোন। দুজন মিলে পরিকল্পনা করে ইয়াবার ব্যবসায় জড়িয়ে পড়েন। গতকাল সন্ধ্যায় ক্যাম্পে অভিযান চালিয়ে এই দুই ভাই-বোনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এমন তথ্য দিয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন। তিনি বলেন, আনিসুর রহমান (২০) ও ইসমত আরা (১৮) উখিয়ার কুতুপালং ১০ নম্বর ক্যাম্পের জি-৮ ব্লকের বাসিন্দা জাফর আলমের সন্তান। অভিযানের সময় তাঁদের বসতঘর থেকে ৪ হাজার ৮৪০টি ইয়াবা বড়ি ও ইয়াবা বিক্রির ৫৪ হাজার টাকাও জব্দ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মোহাম্মদ কামরান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযানটি চালান তাঁরা। এ সময় ঘরে এই দুই ভাই-বোন ছিল। ঘরে তল্লাশির একপর্যায়ে একটি স্কুল ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ইয়াবা ও টাকা উদ্ধার করেন তাঁরা। তখনই দুই ভাই-বোনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ব্যবসার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা জানান। রাতেই তাঁদের উখিয়া থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেওয়া হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ইয়াবাসহ আটক ভাই-বোনকে কক্সবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।