শেরপুরের নালিতাবাড়ী
বেশি দামে এমওপি সার বিক্রির অভিযোগ
■ কৃষকেরা বলেন, এমওপি সারের চাহিদাকে পুঁজি করে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করছেন ব্যবসায়ীরা।
■ ৫০ কেজি বস্তার নির্ধারিত মূল্য ৭৫০ টাকা। দাম রাখা হচ্ছে এক হাজার টাকার বেশি।
■ ১৫ দিনে ১৯টি অনুমতিবিহীন সারের দোকান বন্ধ করে দিয়েছে কৃষি কার্যালয়।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ব্যবসায়ীরা এমওপি সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি টাকা নিচ্ছেন বলে অভিযোগ করেছেন কৃষকেরা। কৃষকেরা বলেন, চলছে বোরো আবাদের মৌসুম। ফলে বাধ্য হয়ে তাঁরা বেশি দামে সার কিনছেন। ৫০ কেজি বস্তার সরকার নির্ধারিত মূল্য ৭৫০ টাকা। তবে দাম রাখা হচ্ছে এক হাজার টাকার বেশি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানিয়েছে, সারের দাম স্থিতিশীল রাখতে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। গত ১৫ দিনে ১৯টি অনুমতিবিহীন সারের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২২ হাজার ৮২০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বোরো মৌসুমে ভালো ফলন পেতে চারা রোপণের আগে সারের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে ইউরিয়া, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), মিউরেট অব পটাশ (এমওপি), ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কিনতে হয় কৃষকদের।
কৃষকেরা বলেন, চারা রোপণের সময় বেশি প্রয়োজন হয় এমওপি সারের। এমওপি সারের চাহিদা বাড়তে থাকায়, সেটা পুঁজি করে ব্যবসায়ীরা সারের কৃত্রিম সংকট সৃষ্টি করছেন ব্যবসায়ীরা। এমওপি সারের প্রতি বস্তা সরকারের নির্ধারিত মূল্য ৭৫০ টাকা। কিন্তু তাঁদের বেশি দামে কিনতে হচ্ছে। প্রতি বস্তায় নির্ধারিত মূল্যের চেয়ে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দিতে হচ্ছে তাঁদের।
গতকাল শনিবার দুপুরে পৌর শহরের চারটি দোকান ঘুরে এমওপি সার পাওয়া যায়নি। তবে বেশি দামে কিনতে রাজি হলে একটি দোকান সার দিতে পারবে বলে জানায়।
নয়াবিল গ্রামের কৃষক আমির মিয়া বলেন, দুই একর জমি বোরো আবাদের জন্য প্রস্তুত করেছেন। এখন খেতে এমওপি সার দেওয়া লাগবে। কিন্তু তিনি কয়েকটা দোকান ঘুরেছেন। কিন্তু সার ব্যবসায়ীরা বলছেন সার নেই। পরে ৭৫০ টাকার সার ১ হাজার ৫০ টাকায় কিনেছেন।
বারোমারি গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘সার ব্যবসায়ীরা বলতাছে পটাশ সার নাকি নারায়ণগঞ্জ থেকে বেশি দামে আনতে হইতাছে। তাই দাম বেড়ে গেছে। কয়েক দোকান ঘুরার পর এক দোকানে সার পাইছি। তয় বস্তায় ১ হাজার ৫০ টাকা করে দিতে হয়েছে। বেশি লাগছে টাকা।’
স্থানীয় দুজন ব্যবসায়ী বলেন, উপজেলায় চলতি মাসে ৬০০ মেট্রিক টন সার বরাদ্দ ছিল। কিন্তু এমওপি সারের চাহিদা বেড়ে যাওয়ায় সার শেষ হয়ে গেছে। ফলে তাঁরা নারায়ণগঞ্জ থেকে সার আনছেন। এতে করে পরিবহন খরচের কারণে দাম একটু বেড়েছে।
নিলামপট্টি এলাকার মেসার্স জোবায়ের ট্রেডার্সের মালিক মো. আবুল হাশেম বলেন, এ মৌসুমের শুরুতে তাঁদের বেশি দাম দিয়ে সার কিনে আনতে হয়েছে। তাই বাড়তি দামে বিক্রি করেছেন। তবে এখন তাঁরা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন না। সাব ডিলারদের কাছেও সঠিক মূল্যে সার বিক্রি করা হচ্ছে। তবে এমওপি সারের কিছুটা ঘাটতি রয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, ব্যবসায়ীরা যেন সারের সংকট সৃষ্টি করতে না পারেন, সে জন্য প্রতিনিয়ত কৃষি কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। অনুমোদন ছাড়া সার বিক্রির অভিযোগে এখন পর্যন্ত ১৯টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। কোনো অজুহাতে ব্যবসায়ীরা বাড়তি দামে সার বিক্রি করতে পারবেন না। বাজার নিয়ন্ত্রণে রাখতে তাঁদের তদারক দল কাজ করছে।