বেশি দামে তেল বিক্রির দায়ে দুজনকে জরিমানা
বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও মজুত রাখার দায়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়ের বাজারের দুটি মিল ও দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযান চালিয়ে ওই জরিমানা করেন।
স্থানীয় ব্যবসায়ী ও অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়েরবাজারে বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও মজুত রাখার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালানো হয়। সেখানে মেসার্স সেলিম অয়েল মিলের মালিক ও দোকানিকে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা এবং আঠারবাড়ী অয়েল মিল মালিক ও দোকানিকে ২ হাজার লিটার সয়াবিন তেল মজুত রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মজুত রাখা ওই দুই হাজার লিটার তেল আগের মূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় জেলা কনজুমারস অ্যাসোসিয়েশনের (ক্যাব) সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বেদানা আক্তার ও স্থানীয় থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।