খুলনার দুই উপজেলা
বেশি দামে সার বিক্রি
কৃষকেরা ইউরিয়া সারের বস্তা কিনছেন ৯৫০ থেকে ১০০০ টাকায়। আর পটাশ ও ডিএপি সারের বস্তা কিনতে হচ্ছে ১ হাজার ২০০ টাকা করে।
খুলনার বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় এবার তরমুজ ও বোরো ধানের ব্যাপক আবাদ হচ্ছে। এ জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত সারের। কিন্তু ইউরিয়া থেকে শুরু করে সব ধরনের সার কিনতে কৃষকদের বস্তাপ্রতি ১৫০ থেকে ৩০০ টাকা বেশি গুনতে হচ্ছে।
কৃষকেরা বলছেন, এর আগে কখনো এত বেশি দামে সার কিনতে হয়নি। এতে ফসল উৎপাদনের খরচ অনেক বেড়ে যাচ্ছে। তবে কৃষি কর্মকর্তাদের দাবি, সারের কোনো সংকট নেই। কারও বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। জরিমানাসহ বাতিল করা হচ্ছে ডিলারশিপ।
এ দুই উপজেলার কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলায় এ বছর ৩ হাজার হেক্টর জমিতে তরমুজ ও ৬ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হচ্ছে। গত বছরের চেয়ে এ বছর সাড়ে ৮০০ হেক্টর জমিতে তরমুজের এবং ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ বেড়েছে। অন্যদিকে দাকোপ উপজেলায় গত বছর তরমুজের চাষ হয়েছিল ৩ হাজার ৪০৭ হেক্টর আর বোরো ধানের চাষ হয়েছিল ১৯০ হেক্টর জমিতে। এ বছর উপজেলায় গত বছরের তুলনায় ৪ হাজার ১৯৮ হেক্টর বেশি জমিতে তরমুজের চাষ হচ্ছে। আর বোরো ধানের চাষ হচ্ছে ২৫ হেক্টর বেশি জমিতে।
কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তরমুজ ও বোরো ধান চাষে ইউরিয়া, পটাশ, ড্যাব সারের প্রয়োজন হয়। ৫০ কেজির প্রতি বস্তা ইউরিয়া সারে সরকার–নির্ধারিত মূল্য ৮০০ টাকা, পটাশ ৭৫০ টাকা ও ড্যাব ৮০০ টাকা।
বটিয়াঘাটা ও দাকোপ এলাকার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ইউরিয়া সারের বস্তা কিনছেন ৯৫০ থেকে ১০০০ টাকায়। আর পটাশ ও ডিএপি সারের বস্তা কিনতে হচ্ছে ১ হাজার ২০০ টাকা করে। কৃষকেরা অভিযোগ করেন, সার নেই—এমন অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। এ ছাড়া কোনো রশিদ দেওয়া হচ্ছে না। আবার কেউ যদি বেশি দাম রাখার প্রতিবাদ করেন, তাহলে তাঁর কাছে সার বিক্রি করছেন না ব্যবসায়ীরা। এ কারণে অতিরিক্ত দাম দিয়ে সার কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা।
বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংড়া গ্রামের বেদেমারি বিলে ১০ বিঘা জমি বর্গা নিয়ে তরমুজের চাষ করছেন দীপঙ্কর বিশ্বাস। গত বৃহস্পতিবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, প্রচণ্ড রোদের মধ্যে কয়েকজন দিনমজুর নিয়ে তরমুজের চারায় পানি দিচ্ছেন দীপঙ্কর। ওই বিলের যত দূর চোখ যায়, এভাবে কাজ করছেন শত শত কৃষক।
দীপঙ্কর বিশ্বাস বলেন, তরমুজ চাষের জন্য প্রচুর সারের প্রয়োজন হয়। এ কারণে সারের সংকট দেখিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন দোকানদারেরা। প্রতি বস্তা সার সরকার নির্ধারিত দামের চেয়ে ১৫০ থেকে ৩০০ টাকা বেশিতে কিনতে হচ্ছে।
অতিরিক্ত দামে সার কেনার অভিযোগ করেন দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের কামারগোদা গ্রামের কৃষক অসিত মণ্ডলও। তিনি বলেন, সারের দাম অনেক বেড়েছে। কোনো কৃষক বাকিতে সার কিনতে গেলেও দাম আরও বাড়িয়ে ধরা হচ্ছে। এ বিষয়ে কৃষি কর্মকর্তাদের কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
তবে চাহিদার তুলনায় সরকারি সার বরাদ্দে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন দাকোপের বাজুয়া ইউনিয়নের সারের খুচরা বিক্রেতা শ্যামল রায়। তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী, একজন কৃষকের কাছে সর্বাোচ্চ পাঁচ বস্তা সার বিক্রি করা যায়। কিন্তু কৃষকপ্রতি সারের চাহিদা এর চেয়ে বেশি। তখন কৃষকের অন্য দোকান থেকে বেশি দামে কোম্পানির সার কেনার দরকার হয়।
বেশি দামে সার বিক্রির বিষয়ে জানতে চাইলে বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, সারের সংকট নেই। ডিলার বা দোকানদারেরা যেন অতিরিক্ত দামে সার বিক্রি না করেন, সে জন্য নিয়মিত নজরদারি করা হচ্ছে।
দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, অনেক কৃষক সরকারির চেয়ে বিভিন্ন কোম্পানির সার কিনতে বেশি পছন্দ করেন। সে ক্ষেত্রে হয়তো ব্যবসায়ীরা কিছুটা বেশি দামে সার বিক্রি করতে পারেন। তবে এ পর্যন্ত কোনো কৃষকই বেশি দামে সার কেনার ব্যাপারে অভিযোগ করেননি।