বেশি দামে সার বিক্রি, পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
জয়পুরহাটের আক্কেলপুরে সরকার–নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় পাঁচজন খুচরা সার বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত দেখে সটকে পড়ায় একটি দোকান সিলগালা করা হয়।
আজ শনিবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাজার ও ভিকনী চারমাথা বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম ও থানা-পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর বাজার ও ভিকনী বাজারের দোকানিরা সরকার–নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার বিক্রি করছিলেন। স্থানীয় কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে গোপীনাথপুর ও ভিকনী বাজারের সারের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরকার–নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করায় গোপীনাথপুর বাজারের মেসার্স আঁখি ট্রেডার্স, মেসার্স হোসেন, শাকিব ট্রেডার্স এবং ভিকনী চারমাথা বাজারের মেসার্স সুরমা ট্রেডার্স, মেসার্স আকাশ ট্রেডার্সকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে দোকানমালিক সটকে পড়ায় গোপীনাথপুর বাজারের চিশতিয়া ট্রেডার্স দোকানটি সিলগালা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, গোপীনাথপুর ও ভিকনী চারমাথা বাজারের খুচরা সারের দোকানিরা কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করছিলেন। একজন কৃষক আট বস্তা সার কিনেছিলেন। আট বস্তা সারের ওপর ওই কৃষকের কাছ থেকে ১ হাজার ৩৬০ টাকা বেশি নেওয়া হয়েছিল। পরে ওই কৃষককে ১ হাজার ৩৬০ টাকা ফেরতের ব্যবস্থা করেন ভ্রাম্যমাণ আদালত।
আক্কেলপুরের ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান বলেন, বেশি দামে সার বিক্রি করায় পাঁচ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেউ সরকার–নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।