বেশি দামে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড
সরকারনির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত এক সার ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। ওই ব্যক্তির নাম আমিনুল ইসলাম। উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের গোলাপবাজারে তাঁর সারের দোকান রয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব-আল-রাব্বি। ঘটনাটি তিনি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সরকার ঘোষিত নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিএপি সার বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে গোলাপবাজারের মেসার্স আমিন অ্যান্ড ব্রাদার্স নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার টাকা দিতে না পারায় তাঁকে তিন মাসের বিনা শ্রম কারাদণ্ডের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সাকিব-আল-রাব্বি।