বেশি দামে সার বিক্রির দায়ে দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এমওপি (মিউরেট অব পটাশ) সার বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ে এক সার ব্যবসায়ী ও তাঁর দোকানের ব্যবস্থাপককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকায় অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিলার মেসার্স সাদিয়া ট্রেডার্সের মালিক আবদুস সবুর আলী ও তাঁর দোকানের ব্যবস্থাপক দবিরুল ইসলাম। তাঁদের দোকানটি বরুনাগাঁও এলাকায় অবস্থিত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান। তিনি প্রথম আলোকে জানান, সরকার ঘোষিত নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এমওপি সার বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাতটার দিকে সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকার মেসার্স সাদিয়া ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক আবদুস সবুর আলী ও তাঁর দোকানের ব্যবস্থাপক দবিরুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। প্রতি বস্তা এমওপির সরকারনির্ধারিত মূল্য ৭৫০ টাকা। কিন্তু ওই ডিলার তা ১ হাজার ১৫০ টাকা দরে বিক্রি করছিলেন, কিন্তু তিনি রসিদ দিচ্ছিলেন ৭৫০ টাকার।