পানিতে ডুবে মৃত্যু
বেশি প্রাণ গেছে কুড়িগ্রামে
২০২০ সালে মারা যান ৪৪ জন। চলতি বছরের ২৬ জুলাই পর্যন্ত পানিতে ডুবে মারা গেছেন ১৯ জন।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নওদাবস গ্রামের সুবল রায়ের একমাত্র সন্তান সুবর্ণা রায় (৬) বাড়ির উঠানে খেলতে খেলতে পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাচ্ছিলেন না। কিছুক্ষণ পর পুকুরের পানিতে শিশুটির লাশ ভেসে ওঠে।
ঘটনাটি ১২ জুলাই দুপুরের। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় সুবল রায়। সুবর্ণা রায়ের মতো কুড়িগ্রামে গত ১৯ মাসে পানিতে ডুবে মারা গেছে ৬৩ জন। জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্য এটি।
২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ২৬ জুলাই পর্যন্ত মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ১৯ জন মারা গেছে চলতি বছর। আর গত বছর মারা যায় ৪৪ জন। অপরদিকে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর নামের একটি এনজিওর সমীক্ষায় বলা হয়েছে, সারা দেশে গত ১৯ মাসে মারা গেছে ১ হাজার ৫১২ জন। এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে কুড়িগ্রামে।
১৩ জুলাই জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের কাশেম আলীর বাক্প্রতিবন্ধী মেয়ে শাহিনা বেগম (৩১) ব্রহ্মপুত্র নদে পানি আনতে যান। অসাবধানতাবশত নদের পানিতে পড়ে ডুবে যান তিনি। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি ডুবুরি দল প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়েও লাশ খুঁজে পায়নি।
* ২০২০ সালে সবচেয়ে বেশি মৃত্যু অক্টোবরে, ১৩ জন * চলতি বছর সর্বোচ্চ ৮ জন মারা গেছে জুন মাসে * কারণ হিসেবে বলা হচ্ছে অসচেতনতা ও সাঁতার না জানা।
জেলা ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর মাসে ১ জন করে এবং মার্চ, মে, জুলাই ও ডিসেম্বরে ২ জন করে পানিতে ডুবে মারা যায়। জুন মাসে ৬ জন, আগস্টে ১১, অক্টোবরে ১৩ ও নভেম্বরে ৩ জন মারা যায়। অপরদিকে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা যায় দুজন। এপ্রিলে ২ ও মে, জুনে ৮ জন এবং জুলাই মাসে ৭ জন পানিতে ডুবে মারা যায়।
দেড় বছরের কন্যাসন্তানকে হারিয়ে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের তাজুল ইসলাম বলেন, নিজেদের অবহেলার কারণে মেয়েকে হারাতে হয়েছে। বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অগোচরে ডোবার পানিতে পড়ে গিয়ে মেয়েটি মারা যায়। পরিবারের সবার উচিত সন্তানকে চোখে চোখে রাখা। বিশেষ করে পানির আশপাশে থাকলে বাচ্চাকে ছেড়ে অন্য কাজে মনোযোগ দেওয়া ঠিক নয়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাহিদুল ইসলাম জানান, জেলায় ১৬টি নদ-নদীর পাশাপাশি রয়েছে অসংখ্য বিল-ছড়া, পুকুর ও ডোবা। জেলায় পানিতে ডুবে মৃত্যুর হার অনেক বেশি। এর কারণ পারিবারিক অসচেতনতা, সাঁতার না জানা এবং সন্তানদের প্রতি দায়িত্ববোধের অভাব।