মনপুরায় বেশির ভাগ চরে নেই মোবাইল নেটওয়ার্ক

এসব চরে প্রতিদিন কয়েক কোটি টাকার লেনদেন হলেও কোনো মোবাইল টাওয়ার নেই। জেলেরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন না।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল নেটওয়ার্ক
প্রতীকী ছবি

ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের বেশির ভাগ চরে নেই মোবাইল টাওয়ার। এ কারণে সিগন্যাল বুস্টার ব্যবহার করেও মোবাইল নেটওয়ার্ক সেবা পাওয়া যাচ্ছে না কলাতলী, চরডেম্পিয়া (ঢালচর) ও কাজীরচরে। কৃষি, গবাদিপশু ও মৎস্যসম্পদে ভরপুর এসব চরে নেটওয়ার্ক না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন খামারি, আড়তদার, জেলেসহ ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, মনপুরা ইউনিয়নের কলাতলী চর, ঢালচর ও কাজীরচরের চারপাশে মেঘনা নদী। কাজীরচরের পাশেই হাতিয়ার অংশ। এসব চরে ৩০-৩৫ হাজার মানুষের বাস। সেখানে ১০টি মাছের ঘাট, পাঁচটি বাজার, একটি পুলিশ তদন্তকেন্দ্র, তিনটি বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র ও কয়েকটি বেসরকারি সংস্থা রয়েছে। এসব চরে প্রতিদিন কয়েক কোটি টাকার লেনদেন হলেও কোনো মোবাইল টাওয়ার নেই। পুলিশ তদন্তকেন্দ্র, ব্যবসায়ী, বেসরকারি সংস্থা ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীরা মোবাইলের সিগন্যাল বুস্টার ব্যবহার করেও সঠিক সেবা পাচ্ছেন না। কোনো রকমে কাজ চালাচ্ছেন। নেটওয়ার্ক যায় আর আসে। একাধিকবার চেষ্টা করে তাঁদের কাজ চালাতে হচ্ছে।

কলাতলী চরের মনিরবাজারের ওষুধ ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী আল আমিন প্রথম আলোকে বলেন, সিগন্যাল বুস্টার ব্যবহার করে দিনে এক বা আধা ঘণ্টা নেটওয়ার্ক পাওয়া যায়। একটি বুস্টারের দাম ১৫-১৬ হাজার টাকা। কিন্তু এরপরও সমস্যার সমাধান হচ্ছে না।

কলাতলী পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা উপপরিদর্শক বাদল মজুমদার বলেন, অফিসের ভেতরে একটি সিগন্যাল বুস্টার বসানো আছে, সেটির সঙ্গে লাগানো মুঠোফোনে কথা বলা যায়। তা–ও নেটওয়ার্ক যায় আর আসে। ল্যান্ডফোনের মতো বুস্টারের নিচ থেকে সরলে আর সংযোগ পাওয়া যায় না। এখানে একটি মোবাইল টাওয়ার বসানো দরকার।

কলাতলীর কবিরবাজার মাছের ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. কামাল হোসেন বলেন, জেলেরা প্রতিনিয়ত জলদস্যুর কবলে পড়ছেন। নেটওয়ার্ক না থাকায় চরের বাসিন্দা ও জেলেরা বিপদে পড়লেও তাৎক্ষণিকভাবে মুঠোফোনে কাউকে জানাতে পারেন না। ঢাকাসহ মাছ বিক্রির মোকামগুলোতে সেভাবে যোগাযোগ করা যায় না। এতে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে।

জানতে চাইলে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা প্রথম আলোকে বলেন, মনপুরা উপজেলার সব ইউনিয়ন ও চরে মোবাইলের নেটওয়ার্ক সমস্যা রয়েছে। এর মধ্যে কলাতলী, ঢালচর, কাজীরচর, চর নিজামসহ আশপাশের চরগুলোয় একদমই নেটওয়ার্ক নেই। অথচ সেখানে বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার জেলে এসে মাছ ধরছেন। চারণভূমিতে কয়েক শ গবাদিপশু পালিত হচ্ছে। এ ছাড়া একাধিক খামারে রয়েছে উন্নত জাতের মহিষ। মাছের ব্যবসায়ীরা মাছ কেনাবেচা করছেন। কিন্তু এই আধুনিক যুগে মোবাইলের নেটওয়ার্ক না থাকায় সাগর মোহনায় মাছ ধরতে আসা জেলেরা তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। ব্যবসায়ীরাও খুব সমস্যার মধ্যে আছেন।