বরগুনার আমতলী
বেশির ভাগ তরমুজখেতে ফল আসেনি, চাষির মাথায় হাত
অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ করায় উপকারী কীটপতঙ্গ খেতের ফুলে বসতে পারেনি।
হস্তপরাগায়নের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।
মাঠজুড়ে সবুজ তরমুজগাছ। হলদে ফুলে ছেয়ে গেছে। সময় গড়িয়ে ফুল শুকিয়ে যাচ্ছে, কিন্তু তাতে ফল আসেনি। বরগুনার আমতলী উপজেলার অন্তত ৩০ হাজার একর জমির তরমুজখেতে এমন অবস্থা। এতে চাষিরা দিশাহারা হয়ে পড়েছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ করায় উপকারী কীটপতঙ্গ খেতের ফুলে বসতে পারেনি। আবার বসলেও তা বিষক্রিয়ায় মারা পড়েছে। ফলে পরাগায়ন না হওয়ায় এসব খেতে ফুল থেকে ফল ধরেনি। এখন কৃত্রিম পরাগায়নপ্রক্রিয়া প্রয়োগ করলে এসব খেতে ফল আসতে পারে।
অন্তত ৩০ হাজার একর জমির তরমুজখেত ক্ষতিগ্রস্ত সময় গড়িয়ে ফুল শুকিয়ে যাচ্ছে, কিন্তু তাতে ফল আসেনি।
চাষিরা বলেন, এখন পরাগায়ন করলেও ফল পেতে বৃষ্টি এসে যাবে। আর কৃত্রিম পরাগায়নে ফলন তেমন ভালো হয় না।
আমতলী কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৪৫ হাজার ১৩ একর জমিতে তরমুজ আবাদ হয়েছে।
তরমুজখেতে ফুল দেখে আশায় বুক বেঁধেছিলেন কৃষক। সেই স্বপ্ন ফিকে হতে চলেছে ফুল থেকে ফল না আসায়। উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের কৃষক বাহাউদ্দিন হাওলাদার ধারদেনা করে এ বছর ২৬ একর জমিতে তরমুজ আবাদ করেছেন। গাছে প্রচুর ফুল দেখে আশা করেছিলেন, এ বছর বাম্পার ফলন পাবেন। ফুল ঝরে গেছে, কিন্তু ফলের দেখা নেই।
বাহাউদ্দিন হাওলাদার বলেন, ‘কপালটা পুইড়্যা গ্যাছে মোগো। ধারদেনা ক্যামনে দিমু, বউ-বাচ্চা লইয়্যা খামু কী, কইতে পারি না।’
একই গ্রামের সোহেল রানার চোখেও হতাশার ছাপ। তিনি বলেন, খেতজুড়ে তরমুজগাছে প্রচুর ফুল ধরেছে, কিন্তু ফল ধরেনি। এবার এই উপজেলার চাষিদের ক্ষতি শতকোটি টাকা ছাড়িয়ে যাবে।
চাষিরা বলেন, তরমুজগাছে প্রচুর ফুল ধরলেও ফল ধরেনি। উপজেলার অন্তত ৭০ ভাগ তরমুজখেতের অবস্থা এমন। এতে তাঁরা দিশাহারা হয়ে পড়েছেন।
সম্প্রতি চাওড়া ইউনিয়নের পাতাকাটা, চন্দ্রা, হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা, কুকুয়ার কৃষ্ণ নগর, আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী, গুলিশাখালী ও টেপুড়া গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠভরা তরমুজখেত। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গাছে ফল ধরেনি।
পশ্চিম সোনাখালী গ্রামের কৃষক মজিবর হাওলাদার খেতের পাশে হতাশ হয়ে বসেছিলেন। তিনি বলেন, ‘খেতে পানি দিতে দিতে দাঁড়া-কোমর ব্যথায় লাড়াইতে পারি না। কিন্তু দ্যাহেন, একটা ফলও ধরে নায়। কত্তগুলা টাকা ঋণ, কী দিয়া পরিশোধ করমু, কন।’
সোনাখালী গ্রামের শহিদ মৃধা, লিয়াকত হাওলাদার, সেলিম মৃধা, মান্নান হাওলাদার, মিলন চৌকিদার, রিয়াজ হাওলাদার, ওহাব মৃধা, মোকলেছ মৃধা, কালাম মৃধা, মামুন মিয়া ও জহিরুল ইসলামের মতো অসংখ্য চাষি ধারদেনা, ঋণ করে ভালো ফলনের আশায় তরমুজ আবাদ করেছিলেন। এখন তাঁদের চোখে হতাশার ছাপ।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম বলেন, ‘বিষয়টি জানার পর এসব খেত পরিদর্শন করেছি। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, অতিরিক্ত কীটনাশক দেওয়া তরমুজগাছে উপকারী কীটপতঙ্গ বসেনি। পরাগায়ন হতে পারেনি। কৃষকদের নিজ উদ্যোগে হস্তপরাগায়নের পরামর্শ দেওয়া হয়েছে।’