বেশির ভাগের গুলি লেগেছে পেছন দিক থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত নয় জঙ্গির বেশির ভাগের শরীরে গুলি লেগেছে পেছন দিক থেকে। গতকাল বুধবার ময়নাতদন্ত শেষে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকেরা।
রাজধানীর জনবহুল এলাকা কল্যাণপুরের ৫ নম্বর সড়কে গত সোমবার রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানকার জাহাজ বিল্ডিংয়ে এক ঘণ্টার মূল অভিযানে নয়জন নিহত ও একজন আহত হন। পুলিশ বলছে, তাঁরা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
পুলিশ এই অভিযানকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে। বিবিসি বাংলা এবং জার্মান রেডিওর বাংলা ওয়েবসাইটও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম তাঁর ফেসবুক সাইটে এসব সমালোচনার জবাব দিয়েছেন।
‘কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানকালে সন্ত্রাসীদের গ্রেনেড নিক্ষেপে পুলিশের ৪ কর্মকর্তার মৃত্যু, আহত ৪২ কর্মকর্তা, তিন জঙ্গি গ্রেপ্তার হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে!’
জবাবে মনিরুল লিখেছেন, ‘দুঃখিত, বন্ধু, এ রকম একটা খবর যদি আপনি আশা করে থাকেন, তাহলে আমরা আপনার প্রত্যাশা পূরণ করতে পারিনি! প্রত্যাশা পূরণ না হওয়ায় আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আমরা সত্যিই দুঃখিত!
‘নাম-ঠিকানা না জেনে জঙ্গি বলছেন কীভাবে? জঙ্গিরা এ রকম পাঞ্জাবি, কেডস পরে ঘুমাতে গিয়েছিল কেন? চারটি পিস্তল দিয়ে কীভাবে সারা রাত মুহুর্মুহু গুলি চালানো সম্ভব? তাদের জীবিত ধরা গেল না?—এ রকম অনেক যৌক্তিক প্রশ্ন কারও মনে আসতেই পারে।
‘আমি যদি বলি আপনি বুঝেও না বোঝার ভান করছেন, আপনি খণ্ডাবেন কী করে? সোশ্যাল মিডিয়া-জুড়ে আলোচনা হচ্ছে যে প্রতিবেশীরা বলছে, ওই বাসার লোকেরা সারা রাতই কথিত জিহাদের পক্ষে স্লোগান দিয়েছে, তাদের রুমে কথিত আইএসের পতাকা পাওয়া গিয়েছে, প্রচুরসংখ্যক উগ্রবাদী বইপুস্তক পাওয়া গেছে। তারপরও এরা জঙ্গি কি না, তা বোঝার জন্য কি রিসার্চের প্রয়োজন আছে?
‘সারা রাত মুহুর্মুহু গোলাগুলি হয়েছে—এ রকম কোনো তথ্য আমার জানা নেই। আমি যতটুকু জানি, যখনই পুলিশ বাসাটিতে ঢুকতে চেষ্টা করেছে, ততবারই গুলি চালানো হয়েছে। চূড়ান্ত অভিযান হয়েছে এক ঘণ্টার কাছাকাছি। ওই সময়েই মূলত চূড়ান্ত গোলাগুলির ঘটনা ঘটে। আপনার বিশ্বাস, এ তথ্য আপনার অজানা নয়। তাহলে কেন এ রকম প্রশ্ন তুলছেন? পুলিশের সাফল্য মানতে পারছেন না, তাই তো!’
এ বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, অভিযান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে মূলত নানা ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্বের ভূমিকায়। একটা ঘটনা ঘটার পর একেক জায়গা থেকে একেকভাবে ঘটনার বর্ণনা দেওয়া হয়। রাজনীতিবিদ একভাবে, পুলিশ একভাবে, র্যা ব আরেকভাবে।
ময়নাতদন্ত: গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নয় জঙ্গির লাশ পৌঁছায়। তবে ময়নাতদন্তকারী দলটি গতকাল বেলা সাড়ে ১১টা থেকে কাজ শুরু করে। বেলা দুইটার দিকে ময়নাতদন্ত শেষে চিকিৎসকেরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
চিকিৎসকেরা বলেন, মৃতদেহগুলো হাসপাতালে পৌঁছেছে মৃত্যুর ১২-১৩ ঘণ্টা পর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের ময়নাতদন্তকারী দলের প্রধান বিভাগটির সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ। তিনি বলেন, ‘নিহত নয়জনের প্রত্যেকের শরীরে সাত থেকে আটটি গুলির জখম আছে। নিহতদের মাথায়, বুকে, পিঠে, হাতে ও পায়ে গুলি লেগেছে। অধিকাংশের গুলি লেগেছে পেছন থেকে।’
নয়জনের দেহ থেকে গতকাল মোট সাতটি গুলি উদ্ধার করেছে ময়নাতদন্তকারী দল। এর তিনটিই ছিল একজনের দেহে। এর বাইরে একজনের দেহে দুটি এবং দুজনের দেহ থেকে একটি করে মোট দুটি গুলি উদ্ধার করা হয়। তবে নয়টি মৃতদেহের কয়টির পেছন দিকে গুলি লেগেছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি চিকিৎসকেরা।
চিকিৎসকেরা বলেছেন, তাঁরা মৃতদেহের ডিএনএ পরীক্ষার জন্য রক্তের নমুনা রেখেছেন। এ ছাড়া চুল, পায়ের পেশির কিছুটা অংশ, পাকস্থলী, কিডনি ও যকৃতের অংশবিশেষ সংরক্ষণ করা হয়েছে। ডোপ টেস্টের জন্য মূত্রের নমুনা পরীক্ষা করা হবে। এই নয়জন কোনো বিশেষ ড্রাগে আসক্ত কি না, তা পরীক্ষা করে দেখা হবে বলেও জানিয়েছেন সোহেল মাহমুদ।
নিয়ম অনুযায়ী ভিসেরা পরীক্ষার জন্য নমুনাগুলো প্রথমে মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর কথা রয়েছে। তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এফবিআই বা অন্য কোনো সংস্থা নিয়ম অনুযায়ী আবেদন করলেও তাদের নমুনাও সরবরাহ করবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
ভবনের দেয়ালে গুলির চিহ্ন নেই: গতকাল ওই ভবনের বাইরের দেয়াল বা আশপাশের ভবনগুলোর কোনো দেয়ালে গুলি বা বিস্ফোরকের চিহ্ন দেখা যায়নি। আশপাশের ভবনের কেউ এ ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতেও রাজি হননি। অনেকে বলেছেন, নিহত নয় জঙ্গিকে এলাকায় আগে কেউ দেখেনি।
গতকাল রহিমা বেগম নামের তৃতীয় তলার এক বাসিন্দাকে দেখা যায় ভবনের সামনে অবস্থান করা পুলিশের কাছে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইছেন। তিনি বলছিলেন, ‘গতকাল থেকে ছেলেমেয়ে নিয়ে বাইরে বাইরে ঘুরছি। কোথাও যাওয়ার জায়গা নেই। টাকাপয়সা নিয়েও বের হতে পারিনি। প্রয়োজনীয় সব জিনিসপত্র বাসায়।’ পুলিশ সদস্যরা তাঁকে মিরপুর থানায় যোগাযোগের পরামর্শ দেন।
ভবনের সামনে পাহারারত পুলিশের মধ্যে মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় বলেন, ঊর্ধ্বতন মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ভবনে আপাতত বাসিন্দাসহ কাউকেই ঢুকতে দেওয়া হবে না। এখন বাড়িটি পুরোপুরি ফাঁকা। বাড়ির মালিক, কেয়ারটেকার সবাই পুলিশের হেফাজতে। অভিযানের পর বাসিন্দারা যারা বেরিয়েছিল, তারা কেউ আর ঢুকতে পারেনি।
সারাদিন ভবনটিতে কাউকে প্রবেশ করতে না দিলেও সন্ধ্যার পর দুটি পরিবারকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে দেয় পুলিশ। উপপরিদর্শক সুব্রত কুমার রায় বলেন, তাঁরা জিনিসপত্র নিয়ে গেলেও ভবনটিতে এখনো কাউকে থাকার অনুমতি দেওয়া হয়নি।
তবে পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার এফ. এম. ফয়সাল বলেন, ভবনের বাসিন্দারা স্বাভাবিকভাবেই ভবনটিতে থাকতে ও যাতায়াত করতে পারবেন। শুধুমাত্র পঞ্চম তলার যে ফ্ল্যাটটিতে নিহত জঙ্গিরা থাকত সেই ফ্ল্যাটটি তালাবদ্ধ থাকবে। ফ্ল্যাটের কোনো আলামত যাতে নষ্ট না হয় এবং বাড়ির বাসিন্দারা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন সে জন্য সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকবে।
ভবনটি যে গলিতে, সেই গলির মুখে দুই পাশে রয়েছে ‘বণিক স্টোর’ ও ‘মনির ট্রেডার্স’ নামের দুটি মনিহারি দোকান। ওই গলি বা আশপাশের বাসার লোকজন দোকানগুলো থেকেই জিনিসপত্র কেনাকাটা করেন। মনির ট্রেডার্সের ব্যবস্থাপক এবং ওই দোকানের দুই বিক্রয়কর্মীকে নিহত ব্যক্তিদের ছবিগুলো দেখালে তাঁরা বলেন, তাঁদের কাউকে কখনো তাঁরা এই রাস্তা দিয়ে যেতে দেখেননি এবং তাঁরা কেউ তাঁদের দোকান থেকেও কোনো কিছু কেনেননি।
আদালত প্রতিবেদক জানান, কল্যাণপুরের ‘তাজ মঞ্জিল’ নামের বাড়ির মালিক আতাহার উদ্দিন আহমেদের স্ত্রী মমতাজ পারভিনকে দুদিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন এ আদেশ দেন। তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিন রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ।