‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হলে সরকারের লাভ’
বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত সারা দেশের ৯০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এখনো বৈষম্যের শিকার। এ অবস্থার উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের পাশাপাশি আট দফা দাবিতে ভোলায় মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষক নেতারা।
ভোলা স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের ভোলা জেলার আহ্বায়ক কামাল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নূরুল আমিন, স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতা হারুন অর রশীদ, ভোলা বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের শিক্ষক অমিতাভ অপু প্রমুখ।
মানববন্ধনে কামাল মাহমুদ বলেন, বেসরকারি শিক্ষকদের মাস শেষে যে বেতন, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা দেওয়া হয়, তা অপ্রতুল ও অসম্মানজনক। শিক্ষকের পেটে ভাত না থাকলে শিক্ষার উন্নয়ন হবে কীভাবে? বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হলে সরকারের লাভ ছাড়া ক্ষতি হবে না।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে আট দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। শিক্ষকদের দাবিগুলো হলো—মুজিব বর্ষেই শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা, ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের মতো বাড়িভাড়া দেওয়া, চিকিৎসা ভাতার জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া, সব শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করা, শিক্ষাসংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের প্রত্যাহার করে মুক্তিযুদ্ধের পক্ষের যোগ্য ব্যক্তিদের পদায়ন করা, করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী-শিক্ষকদের আর্থিক প্রণোদনাসহ বিনামূল্যে ডিভাইস ও শিক্ষাসামগ্রী প্রদান করা এবং সরকারি উদ্যোগে দুপুরের খাবার সরবরাহ করা।
পাশাপাশি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া, ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ শিক্ষাবান্ধব ব্যক্তিদের অন্তর্ভুক্তসহ স্কুল পর্যায়ে ন্যূনতম ডিগ্রি পাস ও কলেজ পর্যায়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।