
চট্টগ্রাম নগরের ব্যস্ত স্টেশন সড়ক ও কাপাসগোলা সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সড়ক দুটি নিয়মিত সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। দুর্ভোগের অন্ত নেই নগরবাসীর।
সিডিএ প্রায় দুই বছর আগে স্টেশন সড়কের ওপর কদমতলী উড়ালসড়ক এবং সাড়ে তিন বছর আগে কাপাসগোলা সড়কের সম্প্রসারণের কাজ শুরু করে। কিন্তু অর্থ বরাদ্দের অভাবে উড়ালসড়কের নির্মাণকাজ চলছে ধীরগতিতে। আর মামলাজনিত জটিলতায় স্থবির হয়ে আছে কাপাসগোলা সড়কের সম্প্রসারণের কাজ।
এদিকে সিডিএর প্রকল্প চলমান থাকায় সড়কের পাশের নালা পরিষ্কার করছে না চট্টগ্রাম সিটি করপোরেশন। ভরাট হয়ে যাওয়া নালার পানি উপচে পড়ছে রাস্তায়। ফলে রাস্তার গর্তগুলো কোনো কোনো জায়গায় ‘জলাশয়ের’ রূপ নিয়েছে।
আগামী অক্টোবরের মধ্যে প্রকল্প দুটির কাজ শেষ হবে দাবি করে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘রাস্তা দুটি নিয়মিত সংস্কার করা হলেও অতিবৃষ্টি ও গাড়ির চাপ বেশি থাকায় তা টিকছে না। তার পরও রাস্তা সচল ও যানজটমুক্ত রাখতে পুলিশের ট্রাফিক বিভাগের পরামর্শ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। ঈদে কোনো সমস্যার অভিযোগ পাইনি।’
গত শুক্রবার ও গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, দুটি সড়কই এবড়োখেবড়ো। সড়কের খানাখন্দ এড়াতে গাড়ি চলাচল করছে অতি ধীরগতিতে। তার পরও মাঝেমধ্যে গর্তে পড়ে আটকে যাচ্ছে গাড়ি। চালক ও যাত্রীদেরই সে গাড়ি টেনে তুলতে হচ্ছে। এতে যান চলাচল বাধাগ্রস্ত হয়ে জট সৃষ্টি হচ্ছে। পাঁচ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে ২০ থেকে ২৫ মিনিট। হাঁটার পথ না থাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এলাকাবাসী, ব্যবসায়ী, যাত্রী ও গাড়িচালকদের প্রতিদিন এই যন্ত্রণায় ভুগতে হচ্ছে।
সিডিএ সূত্রে জানা গেছে, দুই বছর আগে নগরের পুরাতন রেলস্টেশন থেকে ধনিয়ালাপাড়া পর্যন্ত কদমতলী উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হয়। এরপর ক্রমান্বয়ে পুরো রাস্তাটিতে খানাখন্দ সৃষ্টি হয়।
স্থানীয় লোকজন জানান, রাস্তার অবস্থা বেশি খারাপ হওয়ায় একবার ইট ও বালু দিয়ে গর্তগুলো ভরাট করে দেওয়া হয়েছিল। সম্প্রতি টানা বৃষ্টিতে তা উঠে গিয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে।
নগরের গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, দেশের অন্যতম বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজার, ফলের আড়ত ও কদমতলী আন্তজেলা বাস টার্মিনাল অবস্থিত। এর সঙ্গে যুক্ত আছে নগরের আরও ছয়টি সড়ক।
সড়কের বিআরটিসি এলাকায় প্রায় ১০টি বাস কোম্পানির টিকিট কাউন্টার রয়েছে। চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসগুলোর অধিকাংশ এখান থেকে যাত্রা শুরু করে। বর্তমানে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতি মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।
হানিফ বাস কাউন্টারে অবস্থান করা আবদুল্লাহ নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তা দিয়ে হাঁটার কোনো উপায় নেই। গাড়ি চলার সময় গর্তে জমে থাকা ময়লা পানি গায়ে এসে পড়ে। গ্রামের রাস্তাও এর চেয়ে ভালো।
একটি বাস কাউন্টারের টিকিট বিক্রয়কর্মী শামসুদ্দিন বলেন, ঈদের আগে থেকে সড়কের বেহাল দশা। সিডিএ রাস্তা সংস্কার না করে নিজেরাই নষ্ট করছে। নালা পরিষ্কার না করায় রাস্তায় পানি জমে থাকে সব সময়। লোকজনের চলাচল কমে যাওয়ায় ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকাগুলোতে সিডিএ কাজ করছে। আমাদের কিছু করার নেই। তারা নালাগুলো নতুন করে নির্মাণ করে দিলে আমরা পরিচ্ছন্নতার কাজ শুরু করব।’