তাজউদ্দীনের স্মৃতিমাখা রাস্তার বেহাল দশা

সম্প্রতি সড়কটির অন্তত ৫ ফুট দেবে গেছে। যান চলাচল বন্ধ। বেকায়দায় গ্রামবাসী। সংস্কারের উদ্যোগ নেই।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভুলেশ্বর-দরদরিয়া সড়কটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল। সম্প্রতি উপজেলার ভুলেশ্বর গ্রামে।
ছবি: প্রথম আলো

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভুলেশ্বর বালুচড়া মোড়-দরদরিয়া সড়কটি বহুদিন ধরে বেহাল। এতে এই সড়ক দিয়ে চলাচলকারীরা ভোগান্তির শিকার হচ্ছে।

ওই সড়ক দিয়ে নিয়মিত চলাচল করে অন্তত ছয় গ্রামের মানুষ। সড়কটির শেষ মাথায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বাড়ি। এই বাড়িতে যাওয়ার রাস্তাও এটি। এই সড়ক দিয়ে শুষ্ক মৌসুমে কোনোমতে চলাফেরা করা যায়। কিন্তু বর্ষা এলেই শুরু হয় শনির দশা। এর মধ্যে সম্প্রতি সড়কটির কয়েক জায়গা ভেঙে চলাচল বন্ধ হয়ে গেছে।

মূলত সড়কটি গিয়ে মিলিত হয়েছে উপজেলার কাছারিবাজার-গোসিঙ্গা সড়কে। এই মিলিত হওয়ার স্থান থেকে একটু সামনেই তাজউদ্দীন আহমদের বাড়ি। সিংহভাগ সড়কই এখনো কাঁচা। প্রতিবছরের মতো এবারের বর্ষায়ও গর্ত-কাদায় ভোগান্তি পোহাতে হয়েছে মানুষকে। এর মধ্যে গত জুন মাসে সড়কের মফিজ উদ্দিন চেয়ারম্যান (সাবেক) বাড়ি এলাকায় অন্তত ৪০০ ফুট সড়ক ধসে গেছে পাশের খালে। কোনো প্রকার সংস্কার না হওয়ায় পাঁচ মাস ধরেই বন্ধ রয়েছে যান চলাচল। সাধারণ মানুষজনও চলাচল করছে ঝুঁকি নিয়ে।

আমি নতুন যোগদান করেছি। এ বিষয়ে এখন জানলাম। সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে সড়কটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ কে এম গোলাম মোর্শেদ খান, ইউএনও, কাপাসিয়া

সম্প্রতি সরেজমিন দেখা যায়, সড়কটির শুরুতেই রয়েছে একটি প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়। সেখানে পড়াশোনা করে কয়েক শ শিক্ষার্থী। বিদ্যালয়টি থেকে কিছু দূর সামনে এগোতেই মফিজ উদ্দিন চেয়ারম্যানের বাড়ি। সেখানেই পিচঢালাই ভেঙে প্রায় পুরো সড়ক দেবে গেছে পাশের খালে। সড়কের দেবে যাওয়া অংশের গভীরতা প্রায় পাঁচ ফুট। সড়কটি দিয়ে কোনো প্রকার যান চলাচল করতে পারছে না। এর মধ্যে বিকল্প না থাকায় ভাঙা অংশের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে দু-একটি সাইকেল ও মোটরসাইকেল। এর মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিশু-কিশোর।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সড়কটি হঠাৎ খালে দেবে যাওয়ায় ভুলেশ্বর, দেওনা, দরদরিয়াসহ বেকায়দায় পড়েছে অন্তত ছয় গ্রামের মানুষ। কেউ অসুস্থ হলে রোগী নিয়ে যে হাসপাতালে যাবে, সেই ব্যবস্থা নেই। এ ছাড়া গ্রামের যাঁরা নছিমন, করিমন বা অটোরিকশা চালিয়ে জীবিকা ধারণ করেন, তাঁরাও গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। এর বাইরে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এরপরও সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেই।

স্থানীয় হাফিজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আফাজ উদ্দিন বলেন, ‘ছোটবেলায় এই রাস্তা দিয়েই স্কুলে যেতেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। এটা তাঁর স্মৃতিবিজড়িত রাস্তা। এই রাস্তা দিয়েই তাঁর বাড়িতে যাতায়াত করেন হাজারো দর্শনার্থী। কিন্তু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সড়কটিতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এর মধ্যে সম্প্রতি সড়কে যে ভাঙন দেখা দিয়েছে, তাতে চলাচলই বন্ধ হয়ে গেছে। আমরা শতবার বললেও এ নিয়ে মাথাব্যথা নেই কারও।’

জানতে চাইলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান প্রথম আলোকে বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। এ বিষয়ে এখন জানলাম। সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে সড়কটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’